
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকায় ছুরিকাঘাতে নিহত নাজমা খানমের হত্যাকারী সন্দেহে ইয়োনাতান গালভেজ-মার্টিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়স্ক ইয়োনাতান ঠান্ডা মাথায় ও পরিকল্পিত উপায়ে এ হত্যাকাণ্ড চালান। তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে গতকাল রোববার সকালে লাশ দেশে আনার পর জানাজা শেষে রাতে শরীয়তপুরে গ্রামের বাড়িতে নাজমা খানমের দাফন সম্পন্ন হয়েছে।
নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, নাজমা খানমের হত্যার পেছনে ধর্মভিত্তিক কোনো ঘৃণা বা বিদ্বেষ কাজ করেনি। ডাকাতির উদ্দেশ্যেই তাঁর ওপর আক্রমণ করা হয়েছিল। তাঁর কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল খুনি।
পুলিশ আরও জানিয়েছে, নাজমা খানম যে সড়কের বাড়িতে থাকতেন, হত্যাকারীও সেই সড়কের এক বাড়িতেই থাকতেন। ঘটনাস্থলের পাশ থেকে পাওয়া সার্ভিলেন্স ভিডিওতে মিল থাকায় পুলিশ শনিবার আটক করে ইয়োনাতানকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তিনি এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
নাজমা খানমের ভাগনে নিউইয়র্ক পুলিশের ট্রানজিট অফিসার হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, শনিবার রাত একটার দিকে পুলিশ তাঁকে ইয়োনাতানের গ্রেপ্তারের কথা জানায়। কবীর তাঁর খালার হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করায় স্থানীয় পুলিশ ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগকে ধন্যবাদ জানান।
প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি জানান, নাজমা খানমের লাশ এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে গতকাল সকাল নয়টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কাতার এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে তাঁর স্বামী সামছুল আলম খান ও ছোট ছেলে নাইমুল আলম খান দেশে ফেরেন। এরপর নাজমার লাশ নিয়ে যাওয়া হয় শরীয়তপুরে।
পরে গতকাল সন্ধ্যায় নাজমা খানমের মরদেহ শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। কর্মজীবনে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা করেছিলেন তিনি। সেখানে উপস্থিত তাঁর স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। নাজমার লাশের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দারা। শ্রদ্ধা নিবেদন শেষে পৌর ঈদগাহ মাঠে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে আটটায় আটিপাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নাজমা খানমকে।
গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এলাকার নিজ বাসার অদূরে নাজমা খানমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।