সন্দেহভাজন খুনির সঙ্গে যোগাযোগ ছিল গোয়েন্দা সংস্থার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনুল ইসলাম
আমিনুল ইসলাম

পোশাকশ্রমিক সংগঠক আমিনুল ইসলামের সন্দেহভাজন খুনির সঙ্গে একটি গোয়েন্দা সংস্থা ও ঢাকা ইপিজেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগাযোগ ছিল। আমিনুলের লাশ উদ্ধারের আগের রাতে মুঠোফোনে একাধিকবার তাঁদের কথা হয়। হত্যা মামলার অভিযোগপত্রে পুলিশ এ তথ্য উল্লেখ করেছে।
অবশ্য সেই গোয়েন্দা সংস্থা ও ইপিজেডের কর্মকর্তাদের কাউকেই এ হত্যা মামলায় অভিযুক্ত করা হয়নি। গোয়েন্দা সংস্থাটি ও এর কর্মকর্তাদের নামও অভিযোগপত্রে নেই, রাখা হয়নি সাক্ষী হিসেবেও।
জানতে চাইলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, তাঁরা এ বিষয়ে কোনো বক্তব্য দেবেন না। যা বলার, তা অভিযোগপত্রেই বলা হয়েছে।
নিহত আমিনুল বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন। ২০১২ সালের ৪ এপ্রিল আশুলিয়া এলাকা থেকে আমিনুলকে ডেকে নিয়ে যান আরেক শ্রমিক মোস্তাফিজুর রহমান। এর পরদিন ৫ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলে তাঁর ক্ষতবিক্ষত লাশ মেলে।
লাশটি উদ্ধারের পর তা বেওয়ারিশ হিসেবে দাফন ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করে পুলিশ। মামলাটি ঘাটাইল থানা, টাঙ্গাইল জেলা ডিবি ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে। ২০১৩ সালের নভেম্বরে সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর মামলার অভিযোগপত্র দাখিল করেন। সেখানে হত্যার জন্য শুধু মোস্তাফিজুর রহমানকে দায়ী করা হয়। অবশ্য তিনি ঘটনার পর থেকে নিখোঁজ। তিন বছরে এই মামলায় একজন আসামিও ধরা পড়েনি।
আমিনুল হত্যার আগ পর্যন্ত মোস্তাফিজুরকে সবাই সাধারণ শ্রমিক হিসেবেই জানতেন। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, মোস্তাফিজুর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ঢাকা ইপিজেডের কর্মকর্তাদের সোর্স ছিলেন। সোর্স হিসেবে ইপিজেড থেকে মোস্তাফিজুর মাসে সাড়ে সাত হাজার টাকা বেতন পেতেন। ইপিজেড কর্তৃপক্ষ বেপজার অধীনে একটি হাসপাতালের কর্মী হিসেবে মোস্তাফিজুরকে এই বেতন দেওয়া হতো। যদিও তিনি সেই হাসপাতালে কাজ করতেন না।
অভিযোগপত্রে বলা হয়, ৪ এপ্রিল থেকে (নিখোঁজ হওয়ার রাত) মোস্তাফিজুরের সঙ্গে মুঠোফোনে গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা এবং ইপিজেডে নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান খান ও মেজর শাহজাহান কবীরের কথা হয়। জিজ্ঞাসাবাদে ওই সব কর্মকর্তা জানান, একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের তথ্য জানতেই তাঁরা মোস্তাফিজুরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
আমিনুলের স্বজন ও সহকর্মীরা বলছেন, পোশাকশিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের ঘটনা প্রায় নিত্যনৈমিত্তিক। এসব তথ্য নিতে মোস্তাফিজুরের মতো সাড়ে সাত হাজার টাকা বেতন পাওয়া একজন সোর্সের সঙ্গে সাধারণত নিচু স্তরের কর্মকর্তারা যোগাযোগ করতেন। কী পরিস্থিতিতে সেদিন এনএসআই ও বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একযোগে মোস্তাফিজুরের সঙ্গে যোগাযোগ রক্ষার প্রয়োজন হলো, তা খতিয়ে দেখার দাবি রাখে।
অভিযোগপত্রে পুলিশের চারজন তদন্ত কর্মকর্তা, লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা-সদস্য, ময়নাতদন্তকারী দুজন চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, আমিনুলের সহকর্মী, বাড়ির মালিক, স্বজনসহ ২৫ জনকে সাক্ষী করা হয়। এমনকি ইপিজেডের একজন হিসাবরক্ষককেও এখানে সাক্ষী করা হয়েছে, যাঁর মাধ্যমে প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা বেতন পেতেন মোস্তাফিজুর। তবে ইপিজেডের যে দুজন কর্মকর্তার সঙ্গে হত্যার রাতে মোস্তাফিজুরের যোগাযোগ প্রমাণিত হয়েছে, তাঁদের মামলার সাক্ষী করা হয়নি। একই রাতে ‘একটি গোয়েন্দা সংস্থা’র কর্মকর্তাদের সঙ্গে মোস্তাফিজুরের যোগাযোগ হয়েছে উল্লেখ করা হলেও সেই সংস্থার নামই অভিযোগপত্রের কোথাও উল্লেখ করা হয়নি। এই কর্মকর্তাদের নামও অভিযোগপত্রে নেই।
অবশ্য এর আগে ২০১২ সালের ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলের ৭১তম সভায় সিআইডি উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, আমিনুল খুন হওয়ার আগে ও পরে তাঁর সন্দেহভাজন খুনি মোস্তাফিজুর রহমানের সঙ্গে এনএসআইয়ের সহকারী পরিচালক মামুনুর রশিদ ও মাঠ কর্মকর্তা লুৎফর রহমান একাধিকবার যোগাযোগ করেন। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়, ২০১২ সালের এপ্রিলে আমিনুল হত্যার পরেও আগস্ট মাস পর্যন্ত বেপজা থেকে বেতন পেয়েছেন মোস্তাফিজুর। তাঁর ব্যাংক হিসাবে বেতনের ২৬ হাজার ৪৩১ টাকা জমা রয়েছে। মোস্তাফিজুরকে ধরার জন্য সরকারের পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা, বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলেও তাঁর কোনো খোঁজ মেলেনি।
নিহত আমিনুলের সংগঠন বিসিডব্লিউএসের নির্বাহী পরিচালক কল্পনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘অভিযোগপত্রটি পূর্ণাঙ্গ নয়। মোস্তাফিজুরের সঙ্গে আরও কারা সেদিন আমিনুলকে তুলে নিলেন, কোন গাড়িতে তাঁকে নেওয়া হলো, কোথায় তাঁকে নির্যাতন করা হলো ইত্যাদি কোনো প্রশ্নের জবাব অভিযোগপত্রে নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মোস্তাফিজুরের একার পক্ষে আমিনুলকে হত্যা করা সম্ভব না। এখন মোস্তাফিজুরের সঙ্গে গোয়েন্দা সংস্থা ও বেপজার কর্মকর্তাদের যোগাযোগের তথ্য বেরিয়ে এসেছে। এই কর্মকর্তারা প্রভাবশালী হওয়ায় তাঁদের নাম অভিযোগপত্রে আসামি বা গ্রেপ্তার করা হয়নি। তাঁদের ঠিকমতো জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ।’
কল্পনা আক্তার বলেন, ওই প্রভাবশালী কর্মকর্তাদের কারণে মামলার কার্যক্রম পদে পদে বিলম্বিত করা হয়েছে। ২০১৩ সালের নভেম্বরে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্র জমা দেওয়ার পরে আদালত থেকে বাদীর কাছে একটি নোটিশ পাঠানো হয়। সেই নোটিশ এখনো বাদী পাননি। এ কারণে তাঁরা অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজিও দিতে পারছেন না।