সন্দেহভাজন চারজনকে রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নেহার বিপণিবিতানের গয়নার দোকানে বোমা-গুলি ছুড়ে লুটপাট ও হত্যার ঘটনায় অপরাধী শনাক্ত করতে আটক চারজনকে সন্দেহভাজন আসামি দেখিয়ে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গত বুধবার রাত আটটার দিকে নগরের কেন্দ্রস্থল জিন্দাবাজারের ওই বিপণিবিতানে বোমা-গুলি ছুড়ে তিনটি গয়নার দোকান লুটপাট করা হয়। এ সময় গুলিতে ওই বিপণিবিতানের নিরাপত্তাকর্মী বাদশা মিয়া (৫০) নিহত হন। আহত হন পরমা জুয়েলার্স, আল বারাকা জুয়েলার্স ও কমলা ভান্ডার নামের তিনটি গয়নার দোকানের চার ব্যবসায়ীসহ সাতজন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিনে যুবলীগ কর্মী শেখ কবীর, ছাত্রদলের আবদুল জলিল এবং রাতে নাহিদুল ইসলাম ও একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি সরদার ওমর আলীকে আটক করা হয়।
নয়টি হাতবোমা উদ্ধার: গতকাল র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৯-এর অধিনায়ক কমান্ডার এম রাশেদ সাত্তারের নেতৃত্বে ঘটনাস্থল থেকে নয়টি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়। এগুলো নিস্ক্রিয় করে গতকাল একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্যবসাপ্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি: লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার ও নিরাপত্তাকর্মীর হত্যাকারীদের গ্রেপ্তার না করলে রোববার থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন নগরের সর্বস্তরের ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের একটি বিপণিবিতানে সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া বৃহস্পতিবার ব্যবসাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মাখন মিয়ার সভাপতিত্বে সভায় জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তুরন মিয়া, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন সাহা, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, জুয়েলারি সমিতির সভাপতি শহিদুল ইসলামসহ নগরের বিপণিবিতানভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সভায় বক্তারা জানান, পুলিশের নিস্ক্রিয়তার কারণেই ডাকাতেরা প্রকাশ্যে এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করতে না পারলে ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করবে। প্রয়োজনে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। তখন পরিস্থিতির দায়ভার পুলিশকে নিতে হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।
সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমরোজ তারেক জানান, ঘটনার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে চারজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। রোববার আদালতে রিমান্ডের শুনানি হবে।