সন্দেহভাজন ছয় খুনিকে ধরিয়ে দিতে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজিৎ​ রায়সহ কমপক্ষে ১০ জন ব্লগার খুন ও খুনের চেষ্টায় সন্দেহভাজন ছয় আসামির ছবি গতকাল প্রকাশ করেছে পুলিশ
অভিজিৎ​ রায়সহ কমপক্ষে ১০ জন ব্লগার খুন ও খুনের চেষ্টায় সন্দেহভাজন ছয় আসামির ছবি গতকাল প্রকাশ করেছে পুলিশ

বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়সহ কমপক্ষে ১০ জন লেখক, ব্লগার ও ভিন্নমতাবলম্বী খুনের ঘটনায় জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ছয়জনের ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি এই ছবি প্রকাশ করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অফিশিয়াল সাইটে এই ছয়জনকে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কার ঘোষণা করেছে। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের কয়েকজন সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ছয়জনকে শনাক্ত করে পুলিশ।
পুলিশ বলছে, যে ছয়জনের ছবি প্রকাশ করা হয়েছে তাঁর একজন শরিফুল। তিনি এই নাম ছাড়াও সাকিব, শরিফ, সালেহ, আরিফ ও হাদি নামে পরিচিত। অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তে সিসিটিভি ফুটেজে তাঁর উপস্থিতি ধরা পড়েছে। অভিজিৎ রায় ছাড়াও গোরানে নীলাদ্রি নিলয়, সাভারে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ মোর্শেদ বাবু হত্যা এবং লালমাটিয়ার আহম্মেদ রশীদ টুটুল হত্যা চেষ্টায় শরিফুল নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বলে পুলিশ দাবি করেছে। তাঁর বাড়ি খুলনা অঞ্চলে। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সামরিক প্রশিক্ষণ ছাড়াও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া ও হত্যাকাণ্ডে কারা অংশ নেবেন সে সদস্য নির্বাচনের দায়িত্বও শরিফুল পালন করতেন বলে পুলিশ জানিয়েছে।
জাগৃতি প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা, তেজগাঁওয়ে ওয়াশিকুর রহমান বাবু হত্যা এবং গত দুই মাসে সূত্রাপুরে সংগঠিত ব্লগার নাজিমউদ্দিন সামাদ, কলাবাগানে জুলহাজ মান্নান ও তনয় হত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবেও নাম এসেছে শরিফুলের। তথ্যদাতার জন্য ঢাকা মহানগর পুলিশ পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।
আনসারুল্লাহ বাংলা টিমের সেলিমের বিরুদ্ধে ফয়সল আরেফিন দীপন, ওয়াশিকুর বাবু, নিলাদ্রি নিলয় ও মিরপুরের স্কুলশিক্ষক হত্যার ঘটনায় সরাসরি উপস্থিতি এবং নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সেলিম ছাড়াও তিনি ইকবাল, মামুন ও হাদি-২ নামে পরিচিত ছিলেন। শরিফুলের মতো অন্যান্য হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী বলে তাঁর বিরুদ্ধে পুলিশ তথ্য পেয়েছে বলে জানিয়েছে। সেলিমের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং তিনি চশমা পরেন। তথ্যদাতার জন্য পুলিশ পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।
সিলেট অঞ্চলে বাড়ি সিফাতের। তিনি ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডের সার্বিক সমন্বয়কারী ছিলেন এবং ওই হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বলে জানিয়েছে পুলিশ। সাভারে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ মোর্শেদ বাবু হত্যাকাণ্ডে তাঁর সরাসরি অংশগ্রহণের ব্যাপারেও পুলিশ তথ্য পেয়েছে বলে জানিয়েছে। সিফাত ছাড়াও সামির ও ইমরান নামে তিনি পরিচিত। তাঁর সম্পর্কে তথ্যের জন্য ডিএমপি দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।
এ ছাড়া আহমেদুর রশীদ চৌধুরী হত্যা চেষ্টায় সমন্বয়কারী ও খুনিদের প্রশিক্ষক কুমিল্লার আবদুস সামাদ, চট্টগ্রামের শিহাব জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আবদুস সামাদ সুজন, রাজু, সালমান ও সাদ নামেও পরিচিত। আর শিহাব পরিচিত সুমন ও সাইফুল নামে। শিহাব সামরিক শাখার সদস্য বলেও পুলিশ জানায়। এ ছাড়া সাজ্জাদ নামে এক ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়েছে। তিনি অভিজিৎ রায় ও নীলাদ্রি হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেন। সজীব, সিয়াম ও শামস নামেও পরিচিত সাজ্জাদ। এই তিনজনের প্রত্যেকের ব্যাপারে তথ্যদাতার জন্য দুই লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
পুলিশ বলছে, ১৯ ফেব্রুয়ারি বাড্ডার সাতারকুলে সামরিক প্রশিক্ষণকেন্দ্র ও মোহাম্মদপুরে বোমা তৈরির প্রশিক্ষণকেন্দ্রে গোয়েন্দা বিভাগ অভিযান চালায়। সেখান থেকে পাওয়া তথ্য ও গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ছয়জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।