সন্দেহভাজন ছয়জনের ভিডিও ফুটেজ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের সন্দেহভাজন ‘ছয় খুনি’র ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গতকাল রোববার ডিএমপির ফেসবুক পেজে ওই ফুটেজগুলো প্রকাশ করা হয়।
ওই ছয়জনের একজন মুকুল রানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গত ১৯ জুন নিহত হয়েছেন। বাকি পাঁচজনের পরিচয় পুলিশ এখনো জানতে পারেনি।
ডিএমপির মিডিয়া ও গণসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান ফুটেজে চিহ্নিত ওই ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিতে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন।
অভিজিৎ রায় গত বছরের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুন হন। পরদিন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা (একিউআইএস) আনসার আল ইসলাম এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দেয়।

অভিজিৎ রায় হত্যাকাণ্ড
অভিজিৎ রায় হত্যাকাণ্ড

ডিএমপি গতকাল যে সাতটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, সেগুলোতে দেখা যায়, ওই দিন (২৬ ফেব্রুয়ারি ২০১৫) বিকেল চারটা এক মিনিটে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ফটকের কাছে পাঞ্জাবি পরা এক তরুণ পায়চারি করছেন। কয়েক মিনিট পর আরেক তরুণ সাইকেলের হাতলে কিছু একটা ঝুলিয়ে বইমেলা প্রাঙ্গণে ঢোকেন। ৪টা ২৪ মিনিট ১৬ সেকেন্ডের সময় পাঞ্জাবি পরা তরুণের সঙ্গে আরও দুই তরুণ যোগ দেন। তাঁদের একজনের পরনে লম্বা হাতার ফতুয়া বা গেঞ্জি এবং পিঠে ব্যাগ ছিল। তাঁরা তিনজন একসঙ্গে মেলায় ঢোকেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পাঞ্জাবি পরা তরুণ সাইকেল চালিয়ে মেলার ফটক দিয়ে বেরিয়ে আসেন। তবে তখন সাইকেলের হাতলে ব্যাগটি ছিল না। রাতে অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বইমেলার ফটক দিয়ে বেরিয়ে টিএসসির দিকে ফুটপাত ধরে এগোনোর সময় একটি তোরণের সামনে মুকুল রানাকে অপেক্ষা করতে দেখা যায়। তিনি ফুটপাত ধরে ওই দুজনকে অনুসরণ করেন। একই সমান্তরালে ফুটপাত-লাগোয়া মূল সড়ক ধরে হাঁটছিলেন লম্বা হাতার ফতুয়া পরা একজন ও চশমা পরা আরেক তরুণ। ফতুয়া পরা তরুণের হাতে কাগজে মোড়ানো কিছু একটা দেখা গেছে।
অভিজিৎ হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা মো. রাজীব আল মাসুদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বইমেলা ও এর আশপাশের ৩২টি ক্যামেরায় ধারণ করা ফুটেজ বিশ্লেষণ করে ছয়জনকে চিহ্নিত করা হয়েছে। আমরা ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি—এই তিন দিনের ফুটেজ সংগ্রহ করি। ওই তিন দিনই ওই ছয়জনকে বইমেলা প্রাঙ্গণ ও মেলার আশপাশে দেখা গেছে।’
ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ার পর প্রথম আলো অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায়ের সঙ্গে যোগাযোগ করে। তিনি অসুস্থ হওয়ায় কথা বলতে পারেননি। অভিজিতের একজন স্বজন বলেন, ‘অভিজিৎ হত্যা মামলার তদন্তে কোনো অগ্রগতি আছে কি না, সে সম্পর্কে আমাদের জানা নেই।’
গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে নয়টার দিকে টিএসসির অল্প দূরে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাতে অভিজিৎ রায়কে কোপাতে থাকে দুই দুর্বৃত্ত। তাঁকে রক্ষা করতে গেলে তাঁর স্ত্রী রাফিদা আহমেদকেও কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কয়েকজন ফটোসাংবাদিক রক্তাক্ত অবস্থায় এই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অভিজিৎকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শী এক নারী ওই সময় প্রথম আলোকে বলেছিলেন, তিনি দুজনকে সোহরাওয়ার্দী উদ্যানের ফটক থেকে ওই স্থান (ঘটনাস্থল) পর্যন্ত দৌড়ে আসতে দেখেছেন। তাদের পেছনে আরও দু-তিনজন ছিল। তাদের সঙ্গে ছিল ধারালো অস্ত্র।
ঘটনার পর ডিবি ও সিআইডির অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থল থেকে রক্তমাখা দুটি চাপাতি ও একটি ব্যাগ উদ্ধার করে। দুটি চাপাতির হাতলই কাগজে মোড়ানো ছিল।