সন্দেহভাজন জঙ্গিদের জামিন ঠেকাতে একটি সমন্বয় সেল থাকা দরকার বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, এই সেল রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে মামলার এজাহার ও অভিযোগপত্রে যেন দুর্বলতা না থাকে, সেটাও খেয়াল রাখতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। জঙ্গিদের জামিন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা চিহ্নিত জঙ্গি, তাদের নামসহ বিস্তারিত তথ্য কম্পিউটারে থাকা উচিত। প্রতিটি জেলার পিপি (পাবলিক প্রসিকিউটর) যেন সেই কম্পিউটারে বোতাম টিপলেই নামগুলো পান। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও এমন ব্যবস্থা থাকা উচিত উল্লেখ করে মাহবুবে আলম বলেন, ‘জামিন ঠেকাতে সব জঙ্গির নাম-ঠিকানাসংবলিত একটি প্রযুক্তিগত অ্যাপলিকেশন দরকার। বোতাম টিপলেই যেন কোন জেলায় সন্ত্রাসী মামলায় কে কে আছে, তাদের কখন জামিন হয়েছে বা জামিনের আবেদন কবে করা হয়েছে—সেগুলো আমরা জানতে পারি।’