সন্দেহভাজন জঙ্গিদের নাম দিল এনআইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন কয়েকজন জঙ্গির নাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে দিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। গতকাল সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইএর প্রতিনিধিদল এই নামের তালিকা দেয়।
এনআইএ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে।
বৈঠকের পর ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক কালে বর্ধমানসহ আরও দুটি ঘটনায় যেসব তথ্য উন্মুক্ত সূত্র থেকে জানতে পেরেছি, সেই ধরনের কিছু তথ্য অফিশিয়ালি পেলাম। ওনারা কিছু নাম বলেছে, তারা বাংলাদেশিও হতে পারে, ভারতীয়ও হতে পারে। সেগুলো যাচাই-বাছাই করব। পাশাপাশি দুই দেশে জেএমবিসহ এ ধরনের জঙ্গি যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এপাশে কিংবা ওপাশে কোনো ধরনের আশ্রয় বা ঘাঁটি গড়তে না পারে, সেই কাজটি যাতে সমন্বিতভাবে করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।’
কতজন সন্দেহভাজন জঙ্গির নাম দেওয়া হয়েছে জানতে চাইলে মনিরুল ইসলাম প্রকৃত সংখ্যা ও নাম উল্লেখ না করে বলেন, ‘কয়েকটি নাম দেওয়া হয়েছে, নামগুলো এখনো নিশ্চিত নয় তারা বাংলাদেশি না ভারতীয়। আমাদের কাছেও কিছু নাম রয়েছে, যারা পলাতক, সেগুলোর মিল খোঁজার চেষ্টা চলছে।’
বর্ধমানের খাগড়াগড়ের ওই বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী জড়িত কি না, তা জানতে গতকালই ঢাকায় এসেছেন এনআইয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন এনআইএর মহাপরিচালক শারদ কুমার।
এর আগে দুপুরে প্রতিনিধিদলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেন, ভারতের এ ঘটনায় তাঁরা (এনআইএ) মনে করেন দুষ্কৃতকারীরা ভারতের লোকও হতে পারে, বাংলাদেশেরও হতে পারে। এ বিষয়ে তাঁরা সহযোগিতা চেয়েছেন। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। কমিটি তাদের (এনআইএ) সঙ্গে তথ্য আদান-প্রদান করবে।
গত ২ অক্টোবর ওই বোমা বিস্ফোরণে শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল নামের দুজন নিহত এবং আবদুল হাকিম নামের একজন আহত হন। তাঁরা জেএমবির সদস্য বলে প্রাথমিক তদন্তে এনআইএ জানতে পেরেছে। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া সাজিদ নারায়ণগঞ্জের ফরাজীকান্দা এলাকার বাসিন্দা বলেও ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, এনআইএর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে মুর্শিদাবাদ, মালদহ ও নদীয়া জেলায় ইসলামি রাষ্ট্র গড়ার ছক এঁকেছিল জেএমবি। বিস্ফোরণে জড়িত ১২ জনের চারজন বাংলাদেশের।