সন্দেহভাজন তিন যুবক এক দিনের রিমান্ডে
সিলেটের খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় বনফুল অ্যান্ড কোম্পানির দুই কর্মচারী হত্যায় সন্দেহভাজন তিন যুবকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও হত্যাকারী শনাক্ত করতে তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। গতকাল মঙ্গলবার সিলেট মহানগর হাকিম আদালতের (এমএম-৩) বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া তিন যুবক হলেন খাদিমনগরের চৌমোহনীর বাসিন্দা হাবিবুর রহমান ওরফে পংকি (২২), তাঁর ভাই মিজানুর রহমান ওরফে রকি (২০) ও তাঁদের সহযোগী জামালউদ্দিন (২২)।
মহানগর পুলিশের শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, গতকাল রাতে তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে খাদিমনগরের চৌরাস্তার মোড়ে বনফুলের তিনজন কর্মচারীকে ডেকে নিয়ে কুপিয়ে চলে যায় একদল দুর্বৃত্ত। এতে মোহাম্মদ রাজু (২২) ও তাপু মিয়া (২০) ঘটনাস্থলে মারা যান। আহত হন রাসেল আহমদ নামের আরও একজন কর্মচারী। এ ঘটনায় শুক্রবার রাতেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই তিন যুবককে আটক করে। নিহত রাজুর ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে ঘটনার পরদিন শনিবার শাহপরান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করলে ওই তিনজনকে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
সংশোধনী: গত রোববার প্রথম আলোর মহানগর পাতায় প্রকাশিত ‘বিচার দাবিতে সিলেট তামাবিল সড়ক অবরোধ’ শিরোনামের প্রতিবেদনে বনফুল অ্যান্ড কোম্পানির সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবদুল হকের নাম ভুলবশত শফিকুল ইসলাম ছাপা হয়েছিল। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।