সন্দেহভাজন দুই জঙ্গি চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় সাজাপ্রাপ্ত জঙ্গি রাশিদুল ইসলাম (২৯) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া দুজনকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁরা হচ্ছেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রাশিদুলের সহপাঠী মিজানুর রহমান ও রাশিদুলের সঙ্গে একই বাসায় ভাড়া থাকা জামাল উদ্দিন। পুলিশের সন্দেহ, এই আসামিদ্বয়ও নিষিদ্ধ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।গত সোমবার সকালে উত্তরার ৬ নম্বর সেক্টরে রাশিদুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। দলছুট হওয়ার কারণে জেএমবির জঙ্গিরাই রাশিদুলকে হত্যা করেছে বলে তাঁর স্ত্রী আলীফ নূর পুলিশের কাছে অভিযোগ করেছেন। তিনি মামলার এজাহারে আসামি হিসেবে রাশিদুলের পূর্বপরিচিত আল আমিন, আকাশ ও নাদিমের নাম উল্লেখ করেন।ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য মিজানুর রহমান ও জামালকে আটক করা হয়। এর মধ্যে মিজান ঘটনার প্রত্যক্ষদর্শী।গতকাল বৃহস্পতিবার এ দুজনকে উত্তরা মডেল থানার পুলিশ আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। ঢাকার মহানগর হাকিম নজরুল ইসলাম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আরমান আলী আদালতে দেওয়া প্রতিবেদনে বলেন, আসামি জামাল ও মিজানুর রহমান জেএমবির সক্রিয় সদস্য। জঙ্গি জামাল উদ্দিন সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। ২০০৫ সাল থেকে তিনি ঢাকায় অবস্থান করে জঙ্গি তত্পরতার সঙ্গে জড়িত। একই সঙ্গে জেএমবিকে সংগঠিত করার কাজেও জড়িত। এ ছাড়া জেএমবির বর্তমান সামরিক কমান্ডার খোকার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে মর্মে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে।