সন্দেহভাজন দুই 'ডাকাত' সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার বাবুল সরদার ও মিন্টু প্রধানকে গতকাল শনিবার পুলিশ সাত দিনের রিমান্ডে নিয়েছে। এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে দাবি করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, গতকাল সকালে তাঁদের দুজনকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে নেওয়া হয়। দুজনকে ১০ দিনের করে রিমান্ডের আবেদন জানানো হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম শুনানি শেষে তাঁদের সাত দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
পরিদর্শক দীপক চন্দ্র আরও জানান, বাবুল ও মিন্টু প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের কাছ থেকে আরও তথ্য বের করতে রিমান্ডে নেওয়া হয়েছে। দুজনকেই গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কলমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার দিন জনতার হাতে আটক হওয়া ‘ডাকাত’ বোরহান উদ্দিন মৃধা ও আল-আমিন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাভারে আশুলিয়ার কাঠগড়া এলাকায় গত মঙ্গলবার বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপকসহ সাতজন মারা যান। আহত হন অন্তত ২০ জন। ঘটনার পরে গণপিটুনিতে মারা যান এক ডাকাত। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে মারা যান আরও এক ব্যবসায়ী। এসব ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে।