সন্দেহভাজন দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে দুর্বৃত্তের হামলায় আহত স্কুলছাত্রীর অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
এদিকে ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীর দুই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে কালাই থানার পুলিশ।
ঢাকা মেডিকেলে গত সোমবার দুপুরে নবম শ্রেণির ওই ছাত্রীর মাথায় অস্ত্রোপচার হয়। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। গত শুক্রবার রাতে ঘটনার পর থেকে সে সংজ্ঞাহীন।
ওই ছাত্রীর অবস্থা সম্পর্কে ঢাকা মেডিকেলের উপপরিচালক খাজা আবদুল গফুর রাত আটটায় বলেন, রোগীর অবস্থা আগের মতোই আছে, এখনো জ্ঞান ফেরেনি। শারীরিক অবস্থার অবনতি না হলেও আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তিনি বলেন, রোগীর লাইফ সাপোর্ট মেশিন খুলে নেওয়া হয়েছে। অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। কিছু পরীক্ষাও করতে দেওয়া হয়েছে।
খাজা আবদুল গফুর বলেন, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কি না, এখনো এর ফরেনসিক রিপোর্ট পাওয়া যায়নি।
সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, ছাত্রীটির মা আইসিইউর সামনে পাটিতে বসে মেয়ের জ্ঞান ফেরার অপেক্ষা করছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে এই অন্যায়ের বিচার চাইছি। অপরাধীদের এমন সাজা হোক, আমার ছাওয়ালই যেন নির্যাতনের শেষ শিকার হয়। আর কারও যেন এমন না হয়। কোনো মাকে যেন এমন কষ্ট না পাইতে হয়।’
দুজন গ্রেপ্তার: স্কুলছাত্রীর ওপর হামলার ঘটনায় গতকাল সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করেছে কালাই থানার পুলিশ। রাত নয়টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা কালাই থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বর্মণ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালাইয়ের বানদীঘি গ্রামের মো. মাহাবুল (৪০) ও এযাবুল সরকার (২৮)। তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁরা ওই ছাত্রীর প্রতিবেশী। তিনি বলেন, মাহাবুলের বিরুদ্ধে কালাই থানায় চুরি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। এযাবুল এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করে। এ নিয়ে অনেক সালিস হয়েছে। এলাকাবাসীর ধারণা, ওই দুজন এ ঘটনায় জড়িত থাকতে পারে।
ওই ছাত্রী শুক্রবার রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় আহত হয়। পরিবার বলছে, দেয়াল টপকে এসে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। তবে পরিবারের পক্ষ থেকে এ ঘটনার জন্য কাউকে সন্দেহ করা হয়নি। এ ঘটনায় তার চাচা গত শনিবার অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।