সন্দেহভাজন প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে মাদকসেবীদের হামলায় নিহত মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামি আবদুর রহিমকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
গতকাল রোববার বিকেল চারটার দিকে উপজেলার ভাটিয়ারী বাজার থেকে রহিমকে আটক করা হয়। পরে বিকেল পাঁচটার দিকে রহিমকে জোড়আমতল বাজারে আনা হলে বিক্ষুব্ধ জনতা তাঁকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ লোকজন পুলিশের সঙ্গে বিবাদে জড়ায়। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. আলাউদ্দীন প্রথম আলোকে বলেন, মাদকসেবী আবদুর রহিমকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। পুলিশ উদ্ধার করে নিয়ে থানায় যেতে চাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধা ঘণ্টার মতো অবরোধ করে লোকজন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম বলেন, বিক্ষুব্ধ জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে আসামিকে গণপিটুনি দিতে চেয়েছিল। দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরে আসামিকে পুলিশের হাতে তুলে দেয় তারা। তিনি বলেন, আধা ঘণ্টা নয়, পাঁচ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করা হয়।
গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ঘোড়ামরা ছড়ারকুল এলাকায় আবদুর রহিমসহ চারজনকে নেশা করার সময় বাধা দেন নিহত রুবেলসহ পাঁচ যুবক। পরে তাঁদের লাঠির আঘাতে রুবেল মারা যান। এ ঘটনায় গত শুক্রবার মামলা করে নিহতের বাবা নুরুল আবছার।