'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন মানবপাচারকারী নিহত
কক্সবাজার সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত বেলাল হোসেন (৩৮) তালিকাভুক্ত মানবপাচারকারী।
আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করারও দাবি করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলামের ভাষ্য, বেলাল ও তাঁর সহযোগীরা মানবপাচারের প্রস্তুতি নিচ্ছিলেন বলে খবর পাওয়া যায়। আজ ভোররাতে পুলিশ ঘটনাস্থলে গেলে মানবপাচারকারীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। আধঘণ্টা পর মানবপাচারকারীরা পালিয়ে যায়। এরপর তল্লাশি চালিয়ে বেলালকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। কক্সবাজার সদর হাসপাতালে নিলে তাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
ওসি কাজী মতিউল ইসলামের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী বেলালের বিরুদ্ধে মানবপাচারের ছয়টি মামলা রয়েছে।
ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।