সন্দেহভাজন যুদ্ধাপরাধী হাবিব নজরবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সন্দেহভাজন যুদ্ধাপরাধী সাবেক সাংসদ জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমানকে (৭০) গৃহবন্দী করে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত রোববার থেকে পুলিশ তাঁর গ্রামের বাড়ি দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে সাদা পোশাকে অবস্থান করছে। এদিকে ফরিদপুরের সন্দেহভাজন যুদ্ধাপরাধী এমদাদুল হক ওরফে ইঙ্গুল কাজীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদ টনিক সেনের বোন মুকুল রানী সিংহ (৮৩) সাক্ষ্য দেওয়ার ঘোষণা দিয়েছেন।হাবিবুর রহমানকে গৃহবন্দী করে রাখার ব্যাপারে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে কোনো পুলিশ মোতায়েন করিনি। তবে তাঁর গতিবিধির ওপর নজরদারি আছে।’ এ ব্যাপারে হাবিবুর রহমান বলেন, ‘মাদ্রাসায় লেখাপড়ার কারণে উর্দু ভাষা জানায় পাকসেনারা দোভাষী হিসেবে মাঝেমধ্যে আমাকে ব্যবহার করতেন। জীবননগর থানা এলাকায় আটক বাঙালিদের দেওয়া তথ্য উর্দুতে অনুবাদ করাই ছিল আমার কাজ। এর মধ্যে কোথায় অপরাধ হয়েছে বুঝতে পারছি না।’ ফরিদপুরে মুকুল রানী সিংহ জানান, ১৯৭১ সালের ২ মে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামে এক গণহত্যা সংঘটিত হয়। এদিন ৩১ জনকে হত্যা করা হয়। তাদের মধ্যে তাঁর বাবা উপেন্দ্র কুমার সেন, ভাই টনিক সেন, স্বামী বিদ্যানন্দ সিংহ, দুই ছেলে অজয় ও সঞ্জয় রয়েছে।মুকুল রানী আরও বলেন, ‘ইঙ্গুল কাজীর কর্মকাণ্ড সবই আমার চোখে দেখা। পাকিস্তানি বাহিনীর সঙ্গে ইঙ্গুল কাজী অংশ নেয়। যুদ্ধাপরাধের মামলায় ইঙ্গুল কাজীর বিচার করা হলে আমি তাতে সাক্ষী হব।’জেলা প্রশাসক বলেন, ইঙ্গুল কাজীকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে। তিনি যাতে পালিয়ে যেতে না পারেন অথবা জনরোষের শিকার না হন, সে জন্য এ ব্যবস্থা। ইঙ্গুল কাজীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হলে মুকুল রানীকে সাক্ষী করা হবে। মুকুল রানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।