চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বাসায় ঢুকে মা ও মেয়েকে খুনের ঘটনায় সন্দেহভাজন আবু রায়হান (২৫) ও তাঁর সহযোগী গাড়িচালক মো. শহীদকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে রায়হানকে ঢাকা থেকে ও শহীদকে চট্টগ্রামের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান ও শহীদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রায়হান দাবি করেছেন, তাঁর সঙ্গে নিহত সায়মা নাজনীনের (১৮) এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সায়মা সম্পর্ক ছিন্ন করতে চাওয়ায় তাঁকে ও তাঁর মা রিজিয়া খাতুনকে (৫০) খুন করা হয়েছে।
তবে সায়মার পরিবারের দাবি, রায়হানের সঙ্গে সায়মার প্রেমের সম্পর্ক ছিল না। রায়হান তাঁকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে তাঁর বিয়ের প্রস্তাব মেনে না নিলে সায়মাকে খুন করা হয়।
গত সোমবার সকালে আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় সোমবার রাতে সায়মার বাবা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রেজাউল করিম ডবলমুরিং থানায় রায়হানের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
নিহত সায়মা আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সর্বশেষ ব্যবহারিক পরীক্ষা দেওয়ার আগের দিন খুন হন তিনি। রায়হান উত্তর আগ্রাবাদের শান্তিবাগের আবুল বাশারের ছেলে। শহীদনগরের একজন হোটেল মালিকের গাড়িচালক।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ফকিরেরপুলের একটি আবাসিক হোটেল থেকে রায়হানকে গ্রেপ্তার করেন।
তৌহিদুল ইসলাম বলেন, রায়হানের কাছে শহীদের তথ্য পাওয়া যায়, যা চট্টগ্রামের পুলিশকে জানানো হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে রায়হান জানিয়েছেন, ২০১৩ সালের মার্চে সায়মার সঙ্গে তাঁর সম্পর্ক হয়। কিছুদিন ধরে সায়মা যোগাযোগ কমিয়ে দিলে এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলতে থাকে। ২২ মার্চ শহীদের সঙ্গে বসে মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেন রায়হান। কথা ছিল হত্যার পর শহীদ ওই বাসা থেকে সাধ্য অনুযায়ী টাকা ও স্বর্ণ লুট করবে এবং পুরোটা সে একাই নেবে। এর বাইরেও শহীদকে কিছু নগদ টাকা দেওয়ার প্রস্তাব দেন রায়হান। পরিকল্পনা অনুযায়ী সোমবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা করে সায়মাদের বাসার সামনে গিয়ে তাঁরা অপেক্ষায় থাকেন। সাড়ে নয়টার দিকে সায়মার বাবা ও বড় ভাই বাসা থেকে বেরিয়ে গেলে রায়হান গিয়ে বেল বাজান। সায়মাই দরজা খোলেন। তাঁকে দেখে সায়মা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে তিনি হাত ধরে ফেলেন। তাঁদের ধস্তাধস্তির সময় মেয়েটির মা অন্য ঘর থেকে বেরিয়ে শহীদকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। শহীদ তখন ব্যাগ থেকে ছুরি বের করে সায়মার মাকে ছুরিকাঘাত করেন। এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে রায়হান তাঁর মুখ ও গলা চিপে ধরে এবং শহীদ তাঁর পেটে ছুরিকাঘাত করেন। রায়হানও সায়মাকে কয়েকবার ছুরিকাঘাত করেন। এতে দুজনেরই প্যান্টে রক্ত লেগে যায়। রায়হান ওই বাসা থেকে একটি প্যান্ট নিয়ে নিজের প্যান্টের ওপর পরেন। শহীদ নিজের প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে বাসা থেকে বেরিয়ে আসেন।