
সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাহমুদা খাতুন (৫০) ও তাঁর সহযোগী হিসেবে শরিফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়।
এদিকে ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সারা দেশে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনা। ফারুকী এই ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। এ ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন তিনি।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, মাহমুদা ও শরিফুলকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। শরিফুল মাহমুদার সহযোগী।
গত বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন ফারুকী। রাত আটটার দিকে আট-নয়জন দুর্বৃত্ত বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে তাঁদের সামনে ফারুকীকে গলা কেটে হত্যা করে।
ফারুকীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার জানান, গ্রেপ্তার হওয়া মাহমুদা বুধবার বেলা তিনটার দিকে ফারুকীর ভক্ত হিসেবে তাঁর বাসায় যান। এর আগে কখনো তিনি ওই বাসায় যাননি। তাঁর কথা অসংলগ্ন ও আচরণ ছিল সন্দেহজনক। তিনি প্রতিটি কক্ষ ঘুরে ঘুরে দেখেন। প্রায় তিন ঘণ্টা পর তিনি চলে যান। খুনের পর ওই নারীকে ঘিরে ফারুকীর স্ত্রী ও সন্তানদের সন্দেহ হয়। বিষয়টি জানার পর পুলিশ ওই নারীর খোঁজে নামে।
শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল মমীন জানান, গত শুক্রবার মধ্যরাতে মাহমুদার সহযোগী শরিফুল ইসলামের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। এরপর তেজগাঁও বিভাগের একদল পুলিশ রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শরিফুলকে আটক করে। তাঁর তথ্যের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে আটটার দিকে মুড়াপাড়ার ভাড়া বাসা থেকে মাহমুদাকে গ্রেপ্তার করা হয়। ফারুকী হত্যাকাণ্ডে শেরেবাংলা নগর থানায় হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার তাঁদের রিমান্ডের আবেদন করা হবে।
গতকাল বেলা ১১টার দিকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ফারুক পূর্ব রাজাবাজারের বাসা পরিদর্শন করেন।
হত্যা মামলা ডিবিতে: ফারুকী হত্যা মামলা শেরেবাংলা নগর থানা থেকে ডিবিতে (পুলিশের গোয়েন্দা শাখা) স্থানাস্তর করা হয়েছে। মামলার তদন্ত তদারক কর্মকর্তা বিপ্লব কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, যেকোনো সময় মামলার নথিপত্র শেরেবাংলা নগর থানা থেকে ডিবিতে পাঠানো হবে।
দাফন সম্পন্ন: পঞ্চগড় প্রতিনিধি জানান, গতকাল সকালে পঞ্চগড়ের বোদা উপজেলায় নাউতারী গ্রামে তৃতীয় দফা জানাজা শেষে বেলা ১১টার দিকে ফারুকীর মরদেহ তাঁর মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। ফারুকীর বড় ছেলে আহাম্মেদ রেজা ফারুকী জানাজা পড়ান। জানাজায় অংশগ্রহণ করেন পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
হরতালের ঘোষণা: ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার সারা দেশে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনা। গতকাল বেলা তিনটায় রাজধানীর ফকিরাপুলের কালভার্ট সড়কে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম চিশতী। হরতালের সমর্থনে বিকেল সাড়ে পাঁচটার দিকে সংগঠনটি পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে।
আহলে সুন্নাতের সংবাদ সম্মেলন: গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ফারুকী হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ বলে দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ। সংগঠনের মহাসচিব ও চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা জালালুদ্দীন আল কাদেরি এ দাবি করেন। তিনি বলেন, মাওলানা ফারুকী আজীবন সুন্নিয়াতের প্রচার এবং ইসলামের সুন্নিবাদী দর্শন বুদ্ধিবৃত্তিক উপায়ে গণমাধ্যমে তুলে ধরেছেন। হয়তো এ জন্যই ‘বাতিলপন্থী’ বিকৃত মতাদর্শীরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নির্বাহী মহাসচিব আ ন ম মাসুদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
সিপিজের বিবৃতি: ফারুকী হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার আদয়ে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। গত শুক্রবার নিউইয়র্ক থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানান সংস্থাটির উপপরিচালক রবার্ট ম্যাহনি।