
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার ঘটনায় একটি কলেজের অধ্যক্ষসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের একজন ছাত্রীও রয়েছেন। হত্যার ঘটনায় গতকাল রোববার রাতে মতিহার থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
এদিকে এই হত্যার দায় স্বীকার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামের একটি সংগঠন। যদিও এই নামের কোনো সংগঠনের কথা আগে শোনা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে শিক্ষক শফিউল খুন হওয়ার পর রাতে তাঁর বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে আটক করে পুলিশ। তিনি শিক্ষকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁকে বসতে বলে শফিউল বাইরে যান। এ ছাড়া গতকাল দুপুরে নগরের ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন আহমেদ আটক হন। তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।
মহানগর পুলিশের কমিশনার মাহাবুবুর রহমান বলেন, হত্যায় জড়িত ব্যক্তিদের ধরতে শহর ও শহরের বাইরে অভিযান চলছে।
কথিত জঙ্গিগোষ্ঠীর দাবি: অধ্যাপক শফিউলকে হত্যার পর গত শনিবার রাত আটটার দিকে ফেসবুকে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামের একটি সংগঠনের পেইজ খোলা হয়। সেখানে বলা হয়, ‘আমাদের মুজাহিদীনরা আজ রাজশাহীতে এক মুরতাদকে কতল করেছেন, যে তার ডিপার্টমেন্টে ও ক্লাসে বোরকা পরা নিষিদ্ধ করেছিল। উই আর দি হেল্পারস অব শরিয়া ইন বাংলাদেশ। উই আর মুজাহিদিন সাবিলিল্লাহ।’
পেইজে প্রথমে ব্লগার আসিফ মহিউদ্দিন ও রাকিব মামুনের ছবি দিয়ে বলা হয়, ‘এদের হত্যার প্রথম চেষ্টা সমাপ্ত হয়েছে, দ্বিতীয় চেষ্টা আসছে।’ এরপর নিহত ব্লগার রাজীব হায়দার, ছাত্র আশরাফুল আলম ও শিক্ষক শফিউল ইসলামের ছবি দিয়ে তাতে ক্রস দেওয়া হয়। লেখা হয়েছে, ‘খতম।’
পেইজের প্রথম স্ট্যাটাসে ‘শফিউল ইসলামের অপরাধ-১’ লিখে ২০১০ সালের ৩ এপ্রিল দৈনিক সংগ্রাম পত্রিকার একটি খবর উল্লেখ করা হয়। স্ট্যাটাসে বলা হয়, ‘সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগে দাড়ি কাটা ও পাঞ্জাবি-পায়জামা না পরার শর্তে শিক্ষক নিয়োগের পর ছাত্রীদের বোরকা পরে ক্লাস না করার নির্দেশ দিয়েছে শফিউল ইসলাম। আজ এই মুরতাদ তার যথাযথ প্রতিদান পেয়েছে।’
রাজীব হত্যার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। তবে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুলকে হত্যার কিনারা এখনো করতে পারেনি। উল্লিখিত সব ঘটনাতেই কুপিয়ে হত্যা বা হত্যার চেষ্টা করা হয়। গত বছর ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীর পলাশনগরের নিজ বাড়ির কাছে হত্যা করা রাজীবকে। আর গত ৩০ সেপ্টেম্বর আশুলিয়ায় ভাড়া বাসায় খুন হন আশরাফুল।
পুলিশের ভাষ্য: রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহাবুবুর রহমান বলেন, তিনি শুনেছেন, মূল ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ওই সংগঠনের নাম করে স্ট্যাটাস দেওয়া হয়ে থাকতে পারে। তবে তাঁরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।
পুলিশ কর্মকর্তারা বলেন, গত বছর আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষ থেকে রাজশাহীতে দুই চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তারাই নাম বদলে এখন এই নামে স্ট্যাটাস দিতে পারে।
কাফনের কাপড়: শিক্ষক শফিউলকে ‘প্রগতিশীল চেতনাবিরোধী উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী’ হত্যা করেছে দাবি করে তাঁর ছেলে সৌমিন শাহরিদ জেভিন (২০) বলেন, ‘বাবাকে হত্যার কিছুদিন আগেও এই গোষ্ঠী রাজশাহীর বাসায় কাফনের কাপড় পাঠিয়েছিল।’
সৌমিন গতকাল সাংবাদিকদের বলেন, ‘বাবা জঙ্গিবাদের বিপক্ষে ছিলেন। মানুষকে ভালোবাসতেন। সত্য কথা বলতেন। এসব কারণে প্রতিক্রিয়াশীল একটি ধর্মীয় গোষ্ঠী অনেক আগে থেকেই তাঁর প্রতি রুষ্ট ছিল।’
সহকর্মীরা যা বলেন: শফিউল ইসলাম ছিলেন সদালাপী ও সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। সবার সঙ্গে প্রাণ খুলে মিশতেন। কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল না। এমন মন্তব্য করেছেন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত পাঁচ শিক্ষক।
ওই শিক্ষকদের একজন ইংরেজি বিভাগের আবদুল্লাহ আল মামুন বলেন, ‘শফিউল ইসলাম সম্প্রতি লালনচর্চা নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি বিভিন্ন মাজার ঘুরে বেড়াতেন। কারও সঙ্গে কিছু হয়েছে বা কোনো গোষ্ঠী তাঁকে হুমকি দিয়েছে, এমন তথ্য আমাদের বলেননি।’
নিজ গ্রামে দাফন: গাইবান্ধার গোবিন্দগঞ্জের হিয়াতপুর গ্রামে গতকাল দুপুরে জানাজা শেষে নিজ বাড়ির উঠানে দাফন করা হয় শফিউল ইসলামকে। গতকাল সকালে বাড়িতে গিয়ে দেখা যায়, কফিন ঘিরে মাতম করছেন শফিউলের স্বজনেরা। তাঁর মা সখিনা বেগম (৮০) কফিন ধরে কাঁদছিলেন। বিলাপ করে বলছিলেন, ‘শুক্রবার রাতেও ছেলেটা ফোনে আমার খোঁজ নিয়েছে। কোরবানির ঈদে বাড়ি এসে বলেছিল, “মা, হয়তো আর কখনো দেখা হবে না।” ছেলের সেই আশঙ্কাই যে সত্যি হবে, তা কখনো ভাবিনি।’
শফিউলের বোন ওয়াসিম রুমানা বলেন, ‘ভাইয়ার খুব ইচ্ছে ছিল চাকরি শেষে বাড়িতে এসে একটা বৃদ্ধাশ্রম গড়বেন। তাঁর সেই ইচ্ছেটুকু অপূর্ণই থেকে গেল।’
বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি: শিক্ষক শফিউলকে হত্যার প্রতিবাদে কাল ক্যাম্পাসে শোক শোভাযাত্রা, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দুপুর পর্যন্ত শিক্ষক সমিতি, প্রগতিশীল ছাত্রজোট, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে। শিক্ষক সমিতির আহ্বানে কর্মবিরতিও পালন হয়। আজ ও কালও কর্মবিরতি চলবে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও রাজশাহী এবং বগুড়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি}