সন্দেহভাজন ৫ জঙ্গি রিমান্ডে
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাঁচজনকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় তিনটি মামলা করে র্যা ব।
গতকাল রোববার বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া বলেন, বৃহস্পতিবার র্যা ব পাঁচজনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করেছে। এর মধ্যে বিস্ফোরক মামলায় তাঁদের পাঁচজনকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি মামলাগুলোতেও তাঁদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে র্যা ব জানায়, গত বুধবার রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা ও আদাবর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আবদুল হাকিম ফরিদী ওরফে সুফিয়ান, রাজিবুল ইসলাম, গাজী কামরুস সালাম সোহান ওরফে আবু আবদুল্লাহ, সোহেল রানা ওরফে খাদেম ওরফে শহীদুল্লাহ ওরফে সোহেল ও শেখ মো. আবু সালেহ ওরফে লিটন ওরফে হুরাইয়া।
র্যা ব জানিয়েছে, এঁদের মধ্যে তিনজন আগে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত থাকলেও পরে জেএমবির ‘সারোয়ার-তামিম’ গ্রুপে যোগ দেন। তাঁদের কাছ থেকে অনেক তথ্য-উপাত্ত মিলেছে। এর মধ্যে তাঁদের একটি থানায় হামলার খবরও জানা গেছে।
অবশ্য একই জঙ্গি দলকেই পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট বলে আসছে ‘নব্য জেএমবি’।
গ্রেপ্তার পাঁচজনের মধ্যে সোহেল রানাকে গত জুন মাসে ও রাজিবুলকে গত জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে আনা হয় বলে অভিযোগ তাঁদের পরিবারের।