সন্দেহভাজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের মুম্বাইয়ে বিক্রির ঘটনার প্রধান সন্দেহভাজন নাজমুল হোসেনকে পুলিশ থানা থেকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে মেয়েটিকে উদ্ধারের জন্য ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। মেয়ের মা অভিযোগ করেছেন, উপজেলার হাবাসপোল গ্রামের নাজমুল হোসেন তাঁর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মেয়েটি মুম্বাই থেকে মুঠোফোনে তাকে বিক্রি করে দেওয়ার কথা জানালে এলাকাবাসী নাজমুলকে আটক করে থানায় সোপর্দ করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি তরুণ রায়কে গ্রেপ্তার করলেও নাজমুলকে ছেড়ে দেয়। মেয়ের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা আহাজারি করছেন। এদিকে নাজমুলের বাড়িতে গিয়ে তাঁর মা-বাবাকে পাওয়া যায়নি। তাঁর বোন মরিয়ম জানান, নাজমুল কোথায় গেছেন, তা জানেন না তাঁরা।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘মেয়েটি ফোনে মুম্বাই শহরের সঠিক অবস্থান জানাতে পারেনি। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে খুঁজে পেতে চেষ্টা করছি।’ তবে নাজমুলকে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘মেয়ের পরিবারের পক্ষ থেকে প্রথমে অভিযোগ করা হয়নি। সে কারণে আমরা বিভ্রান্ত হয়েছি। তবে নাজমুলের নাম এফআইআরে না থাকলেও চূড়ান্ত অভিযোপত্রে অন্তর্ভুক্ত করা হবে।’