
কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের শনাক্ত করতে সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ পরীক্ষা করাবে সিআইডি। এরপর তা তনুর মরদেহ থেকে নেওয়া নমুনায় পাওয়া তিনজনের ডিএনএ প্রোফাইলের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
মামলার তদন্ত-তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে এসব কথা বলেন।
নাজমুল করিম খান বলেন, ‘তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। এর মধ্য থেকে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হবে। এরপর তাঁদের গ্রেপ্তার করা হবে। ডিএনএ পরীক্ষায় যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো অপরাধীদের সঙ্গে মিলিয়ে দেখা হবে। আমরা আশা করছি, দেশবাসীকে তনু হত্যা নিয়ে ভালো খবর দিতে পারব।’
তনুর মা ইতিপূর্বে সন্দেহভাজন হিসেবে সার্জেন্ট জাহিদ ও সিপাহি জাহিদ নামের দুই সেনাসদস্যের নাম বলেছিলেন, তাঁদের এই ডিএনএ পরীক্ষার আওতায় আনা হবে কি না—এ প্রশ্নের জবাবে সিআইডির এই বিশেষ পুলিশ সুপার বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ এর আগে ৩০ মার্চ দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য তনুর লাশ তোলার পর তাঁর শরীরের কিছু নমুনা ও পরনের কাপড় ডিএনএ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। গত সোমবার সিআইডি জানায়, ডিএনএ ফরেনসিক পরীক্ষায় তনুকে ধর্ষণের আলামত মিলেছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে চারজনের ডিএনএ প্রোফাইল পাওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি প্রোফাইল তনুর। বাকি তিনটি প্রোফাইল পৃথক তিনজনের। পরীক্ষায় এই তিনজনের বীর্যের আলামত পাওয়া গেছে।
তনুর পরিবারের নির্ঘুম রাত: আদরের মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এ খবর সোমবার রাতে গণমাধ্যমে জানার পর সারা রাত নির্ঘুম কাটিয়েছে তনুর মা-বাবাসহ পুরো পরিবার।
গতকাল মঙ্গলবার সকালে এ প্রতিবেদককে এ কথা জানান তনুর মা আনোয়ারা বেগম ও বাবা ইয়ার হোসেন। কুমিল্লা সেনানিবাসের ক্যান্টনমেন্ট বোর্ডের ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বসে তাঁদের সঙ্গে কথা হয়। এ সময় তনুর ছোট ভাই আনোয়ার হোসেন এবং গোয়েন্দা সংস্থার লোকজনও উপস্থিত ছিলেন।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘আমার ভেতরটা কী যে করে, আমি ঘুমাতে পারি না। সারাক্ষণ মেয়েটার হাসিমাখা মুখ সামনে ভেসে ওঠে। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে রাখত। এই মেয়েকে কেমনে তারা মারল?’ তিনি বলেন, ‘দুই মাস হতে চলল, এখন পর্যন্ত কোনো আসামি শনাক্ত হয়নি। যে বা যারা এ কাজ করেছে, তাদের শাস্তি চাই। বিচার চাই।’
তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘আমার মেয়ে বলত, বাবা, পড়াশোনা করে আমি বড় চাকরি করব। এখন সবই গেল। এখনো বিচার পেলাম না। আর কত সহ্য করব। আমার বুক খাঁ খাঁ করছে।’ তিনি বলেন, ‘অপরাধী যে-ই হোক, আমি বিচার চাই।’
ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী। তাঁর একমাত্র মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু খুন হন গত ২০ মার্চ। ওই রাতে সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করেন ইয়ার হোসেন। এ ঘটনায় পরদিন তিনি কুমিল্লা মডেল থানায় মামলা করেন। মামলাটি এখন তদন্ত করছে সিআইডি।