সন্দেহভাজনদের ধরতে পুলিশ তৎপর ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলর নজরুলসহ পাঁচজনকে অপহরণ ও হত্যা (পরবর্তী সময়ে যুক্ত হয়েছে) মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু থেকেই পুলিশের অনীহা ছিল বলে অভিযোগ করেছেন নজরুলের স্বজনেরা। অপহূত সাতজনকে খুঁজতে পুলিশের কোনো তৎপরতাও ছিল না বলে অভিযোগ তাঁদের। এখন পুলিশ বলছে, নূর হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম গতকাল শুক্রবার বলেন, পুলিশ তাঁদের অভিযোগ আমলেই নেয়নি। অভিযানও চালায়নি। এমনকি তাঁদের কাছে কোনো তথ্যের জন্যও আসেনি। শুরুতে পুলিশ মামলাও নিতে চায়নি।
মামলা নথিভুক্ত হওয়ার পরেই সেলিনা ইসলাম ফতুল্লা থানার ওসি ও এসপির সঙ্গে দেখা করে বলেন, ‘আসামিরা পালিয়ে যাচ্ছেন। তাঁদের আটকান।’ পুলিশ অভিযুক্তদের ওপর নজরদারি করতে পারত। কিন্তু কিছুই করেনি বলে অভিযোগ করেন নজরুলের স্বজনেরা।
গত রোববার অপহরণ ঘটনার পর সোমবার সন্ধ্যা পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নূর হোসেন। মঙ্গলবার সকাল ১০টার দিকেও সিদ্ধিরগঞ্জ এলাকার শিমরাইল ট্রাকস্ট্যান্ডের কার্যালয়ে তাঁকে দেখা যায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এরপর তিনি গাড়িবহর নিয়ে এলাকা ছাড়েন।
কিন্তু ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন অভিযোগগুলো অস্বীকার করেন। অপহূত ব্যক্তিদের উদ্ধারের জন্য অভিযান হয়েছে কি না বা হলে কোন জায়গায় হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে এদের খোঁজার চেষ্টা করেছি।’ সোমবার মামলা হওয়ার পরে রাতের বেলায় নূর হোসেনের কার্যালয়ে অভিযান চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি।