সন্দেহভাজনের তথ্য ভাগাভাগি করবে বাংলাদেশ-থাইল্যান্ড
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মন্দিরে বোমা হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারীর বাংলাদেশে অবস্থান বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে থাইল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ সরকার। ব্যাংককের বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর ইউএনবির।
মূল পরিকল্পনাকারী আবদুর রহমান আবদুস সাত্তার ওরফে এ কে এ আইজান গত মাসের শেষ দিকে ১৪ দিন বাংলাদেশে অবস্থান করেছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। গত বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি গত ১৬ আগস্ট বেলা ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। আর গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তিনি জেটএয়ারের একটি বিমানে করে ঢাকা ত্যাগ করেন।
গতকাল দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ বর্তমানে সন্দেহভাজন ওই ব্যক্তির বাংলাদেশে অবস্থানের বিষয়টিতে খোঁজখবর নিচ্ছে। এ-সংক্রান্ত সব তথ্য থাই সরকার, সংশ্লিষ্ট সব দেশের সরকার এবং ইন্টারপোলসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ভাগাভাগি করা হবে। ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনিম থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন প্রয়োগকারী সংস্থা এবং গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখছেন।
গত ১৭ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে ইরাওয়ান মন্দিরে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১৪ জন বিদেশিসহ ২০ জন নিহত হন। থাইল্যান্ডের পুলিশের ভাষ্য, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই বিদেশির একজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, হামলার মূল পরিকল্পনাকারী ‘আইজান’ নামের এক ব্যক্তি। ব্যাংককে এক বৈঠকে তিনি অন্যদের মধ্যে হামলার দায়িত্ব বণ্টন করে দেন। হামলার আগের দিন তিনি বাংলাদেশে চলে যান। এ জন্য তিনি চীনা পাসপোর্ট ব্যবহার করেন।