সন্দেহে ভাইয়ের প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজে ফুটবল টুর্নামেন্টের আয়োজন নিয়ে দুই দল ছাত্রের মধ্যে বিরোধ৷ আর এর জেরে একপক্ষের এক ছাত্রের ছোট ভাই আয়াজ হককে হত্যা করে প্রতিপক্ষের ছাত্ররা৷ কিশোর আয়াজ হত্যার কারণ সম্পর্কে গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রাজধানীর ধানমন্ডি থানার পুলিশ৷
সিটি কলেজের দুই দল ছাত্রের মধ্যে গত সোমবার বিকেলে মারামারির সময় জিগাতলায় সীমান্ত স্কয়ারের সামনে আয়াজকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়৷ সে চলতি বছর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পাস করেছে৷ তার বড় ভাই আশদ্বীন হক সিটি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেিণর ছাত্র৷ টুর্নামেন্ট আয়োজন নিয়ে ওই কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রদের সঙ্গে বাণিজ্য বিভাগের ছাত্রদের বিরোধ চলছে৷
আয়াজ হত্যার ঘটনায় তার বাবা আইনজীবী শহীদুল হক সিটি কলেজের বাণিজ্য বিভাগের ছয় ছাত্র ইনজামামুল হক, তৌহিদুল ইসলাম, শুভ, মশিউর, নাসিম ও সুদীপ্তর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে সোমবার রাতে ধানমন্ডি থানায় মামলা করেন৷ ইনজামামুল ও তৌহিদুলকে সোমবার পুলিশ গ্রেপ্তার করে৷ আয়াজদের বাসা কলাবাগানের নর্থ সার্কুলার রোডে৷
মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক শহীদুল বিশ্বাস জানান, কলেজের বাইরে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের পর সোমবার বিকেলে পুলিশ ১৩ জনকে আটক করে৷ যাচাইয়ের পর ইনজামামুল ও তৌহিদুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে৷
পুলিশ জানায়, ফুটবল টুর্নামেন্টের আয়োজন নিয়ে সোমবার সিটি কলেজের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ছাত্ররা আলোচনায় বসেছিল। এরই একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। নিহত আয়াজের বড় ভাই আশদ্বীন হক বিজ্ঞান বিভাগের দলনেতা। গ্রেপ্তার হওয়া ইনজামামুল তার প্রতিপক্ষ৷ ওই আলোচনার সময় বড় ভাইয়ের সঙ্গে আয়াজও সেখানে ছিল। মারামারির একপর্যায়ে সীমান্ত স্কয়ারের সামনে আয়াজকে একা পেয়ে ইনজামামুল ও তার পক্ষের ছাত্ররা পিটিয়ে ও ছুরিকাঘাত করে ফেলে যায়৷ পরে আয়াজ মারা যায়৷