সন্দ্বীপ-কুমিরা পথে স্টিমার চালুর দাবিতে মানববন্ধন
আসন্ন ঈদুল আজহার আগেই সন্দ্বীপ-গুপ্তছড়া-কুমিরা পথে স্টিমার চালু এবং সদরঘাট-সন্দ্বীপ-হাতিয়া পথে নতুন স্টিমার সংযোজনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সন্দ্বীপ ছাত্রলীগ পরিষদ। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি জনপদ সন্দ্বীপ। স্টিমার চালু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরার নৌকায় করে সন্দ্বীপবাসীকে যাতায়াত করতে হয়। এতে প্রতিবছরই দুর্ঘটনায় প্রাণ হারায় সাধারণ মানুষ। স্টিমার চালু করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সমাবেশে বক্তারা বলেন, সন্দ্বীপের প্রবাসীরা প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রার জোগান দেন। প্রবাসীদের আয় জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখানের যোগাযোগব্যবস্থা খুবই খারাপ। সমাবেশে পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের সঙ্গে সন্দ্বীপের যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ সন্দ্বীপ-গুপ্তছড়া-কুমিরা ঘাট। কিন্তু এই পথে দীর্ঘদিন স্টিমার চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে মাছ ধরার বোটে চলাচল করতে গিয়ে গত ১০ বছরে প্রায় ৭০০ লোক সাগরে ডুবে প্রাণ হারিয়েছে।সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হায়াত বলেন, সদরঘাট-সন্দ্বীপ-হাতিয়া পথে অনেক পুরোনো দুটি জাহাজ (এমভি আলাউদ্দিন ও এমভি মনিরুল হক) চলাচল করে। কিন্তু এগুলো গভীর সমুদ্রে গিয়ে বিকল হয়ে যায়। এই পথে অবিলম্বে নতুন স্টিমার চালু করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক গাজী আনিসুর রহমান ও নাসির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।