সন্দ্বীপ চ্যানেলে ট্রলারডুবি উদ্ধার ২১, নিখোঁজ ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ যাওয়ার পথে এমভি আল মদিনা নামে একটি ট্রলার কাত হয়ে যাত্রীরা সন্দ্বীপ চ্যানেলে পড়ে যান। এ সময় তিনটি স্পিডবোটে ২১ জনকে উদ্ধার করা হয়। ছয়জন যাত্রী নিখোঁজ বলে স্থানীয় সূত্রগুলো জানায়।

স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ যাত্রীদের মধ্যে দুই শিশু লিজা ও নিজাসহ জাহেদ চৌধুরী ভুট্টো, শামসু মিয়া, হামিদুল ইসলাম ও বিবি রাশেদার নাম পাওয়া গেছে।

ঘাটের কেরানি মাকসুদুর রহমানের দাবি, ট্রলারটিতে ৩৩ জন যাত্রী ছিল। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, যাত্রীর সংখ্যা এর চেয়ে বেশি হবে। ট্রলারটিতে বিপুল পরিমাণ পণ্যও ছিল।

প্রত্যক্ষদর্শী এমভি আল মদিনা ট্রলারের যাত্রী মো. নাসির ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, গতকাল সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটে ট্রলারটিতে পণ্যভর্তি করার পর বেশি যাত্রী না তুলতে ঘাটের লোকজনকে সতর্ক করে দেন ট্রলারের মাঝি। এর পরও যাত্রী তোলা হয়। ট্রলারটি কিছুদূর যাওয়ার পর মাঝ নদীতে গিয়ে ভারসাম্যহীন হয়ে পড়ে। একপর্যায়ে ট্রলারটি ৪০-৪৫ ডিগ্রি কাত হয়ে গেলে পণ্যের ওপরে বসে থাকা ট্রলারের যাত্রীরা নদীতে পড়ে যান।

নদীতে পড়ে যাওয়া যাত্রী আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, নদীতে পড়ার পর পণ্যভর্তি কয়েকটি বস্তা ধরে কিছুক্ষণ ভেসে থাকি। এ সময় সবাই চিৎকার করছিল। কিছুক্ষণ পরই একটি স্পিডবোট এসে রশি দিয়ে আমাদের চারজনকে উদ্ধার করে। উদ্ধারকারী স্পিডবোটের চালক মো. কামাল প্রথম আলোকে জানান, তিনটি স্পিডবোটে ২১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান প্রথম আলোকে জানান, ‘পাঁচ-ছয়জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি।’ সন্দ্বীপের গুপ্তছাড় ঘাট ঘুরে এসে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-খাজা আলামীন প্রথম আলোকে বলেন, পাঁচজন যাত্রী নিখোঁজ বলে উদ্ধার যাত্রীরা জানিয়েছে। তবে এই পাঁচজন নিখোঁজ কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘাটের ইজারাদার এম এ কাশেম প্রথম আলোর কাছে দাবি করেন, সব যাত্রীই উদ্ধার হয়েছে। সন্দ্বীপ অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি জসীম উদ্দিন বলেন, ২০০৯ সালের পর থেকে চট্টগ্রাম জেলা পরিষদ কুমিরা-গুপ্তছড়া ঘাটে জাহাজ চলাচলে অনুমতি দিচ্ছে না। বরং ঝুঁকিপূর্ণভাবে কাঠের তৈরি ট্রলারে যাত্রী ও পণ্য পরিবহনের অনুমতি দিয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণভাবে পণ্যবাহী নৌ-যানে এখন যাত্রীরা চলাচল করতে বাধ্য হচ্ছে।