সন্দ্বীপ চ্যানেলে ট্রলারডুবি উদ্ধার ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরাঘাট থেকে সন্দ্বীপ যাওয়ার পথে গতকাল শনিবার প্রবল ঢেউয়ের তোড়ে আমবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারেরর পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ৪০০ কার্টন আমসহ বিভিন্ন ফল নিয়ে একটি ট্রলার গতকাল বেলা সাড়ে তিনটার দিকে কুমিরাঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় কয়েকজন যাত্রীও ওঠেন ওই ট্রলারে। প্রবল ঢেউয়ের তোড়ে সন্দ্বীপ চ্যানেলে ট্রলারটি ডুবে যায়। পরে এক নারী ও এক শিশুসহ পাঁচজনকে উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
কুমিরাঘাটের ইজারাদারের কর্মী মোহাম্মদ জামাল উদ্দিনের দাবি, উদ্ধার হওয়া পাঁচজন ছাড়া ট্রলারটিতে কোনো যাত্রী ছিলেন না।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ শাহীন ইমরান বলেন, ডুবে যাওয়ার ট্রলারের পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে ঘাট-সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে জানিয়েছেন।