সন্দ্বীপ চ্যানেলে নৌকাসহ ইলিশ জব্দ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় ইলিশ মাছ ধরার দায়ে সন্দ্বীপ চ্যানেলের কুলিরচর এলাকা থেকে নৌকাসহ তিন ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাঁদের জরিমানা করেন।

গত রোববার ১২০ কেজি ইলিশসহ ওই তিনজনকে আটকের পর গতকাল সোমবার সকালে তাঁদের জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।

মোহাম্মদ রুহুল আমীন বলেন, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করছেন কি না, সেটি কোস্টগার্ড, জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর তদারকি করছে। সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরার সময় জাটকাসহ ১২০ কেজি ইলিশ ও নৌকাসহ তিনজনকে কোস্টগার্ড আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করার পর নৌকার মাঝি আবদুস সাত্তারসহ তাঁর দুই সহকারীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।