সন্দ্বীপ হয়ে হাতিয়ার পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজের নাম এমভি এ মতিন। জানলাম ১৯৬৪ সাল থেকে এটি এ পথে চলাচল করছে। পঞ্চাশ ছুঁই ছুঁই বয়সেও অনেক মেরামতের ধকল কাটিয়ে এখনো সচল আছে। নির্ধারিত সময় সকাল নয়টায় জাহাজ ছেড়েছে। কুয়াশাচ্ছন্ন মেঘলা সকাল হলেও ঠান্ডা তেমন নেই। বাতাস আছে, কিন্তু কাবু করার মতো হিমেল নয়। অভিজ্ঞ যাত্রীদের মতে, কর্মদিবস বলে যাত্রীর চাপ তেমন নেই। তবে বিপুল জনসংখ্যার দেশে কম মনে হলেও উপচে পড়া ভিড় নেই। তাই বলে কোনো কেবিন ফাঁকা নেই, ডেকভর্তি মালের স্তূপ, যাত্রীরাও আছে ছিটিয়ে। চট্টগ্রাম শহরের সরকারি মহিলা কলেজের অধ্যাপক সহযাত্রী আশ্রাফ উদ্দিন বললেন, যাতায়াতের এই ব্যবস্থা হাতিয়াবাসীকে অনেক স্বস্তি দিচ্ছে। আগে হাতিয়া রুটে জাহাজ চলত সপ্তাহে দুই দিন, বর্তমান সরকার এসে তা পাঁচ দিন করেছে।সকাল নয়টায় ছেড়ে বেলা একটায় পৌঁছাল সন্দ্বীপে। সন্দ্বীপ পর্যন্ত সমুদ্রের পানি ছিল ঘোলা। বোঝাই যায় পলিমিশ্রিত। আড়াই বছর ধরে সন্দ্বীপে আছেন সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তা চট্টগ্রামের চন্দনাইশের হাবিবুল ওয়াজেদ। বললেন, ইদানীং সন্দ্বীপের ভাঙন বন্ধ হয়েছে। তাহলে পলি বয়ে আনছে মূল ভূখণ্ড থেকে মেঘনা।অর্ধেকের বেশি যাত্রী সন্দ্বীপে নেমে গেল। উঠল সামান্য। বুধবার সন্দ্বীপ থেকে হাতিয়া যাওয়ার মানুষ কেনই বা থাকবে। নিয়মিত যাত্রীদের অনেকেই জানালেন, হাতিয়ার সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বেশি ঢাকার সঙ্গে। চট্টগ্রাম থেকেও ব্যবসা হয়। তবে যাত্রীবাহী জাহাজের নয়, ব্যবসায়ীরা মাল কিনে ট্রলারে নিয়ে আসে সরাসরি। যাত্রীর সঙ্গে সঙ্গে মালের পর্বত মূষিকে পরিণত হলো। তিন-চতুর্থাংশই নেমে গেল সন্দ্বীপে। এখন জাহাজ ঘিরে গাংচিলের উৎসব চলছে, যাত্রীদের কাছ থেকে কিছু বকশিশও নিচ্ছে। তাতে সমুদ্রদূষণ সৃষ্টি হলেও তা নিয়ে মাথা ঘামাচ্ছে না কেউ। ভাঙনের দাপট সামলাতে সামলাতে সন্দ্বীপের আরও মানুষকে ভাগ্যান্বেষণে নামতে হয়েছে। অনেক মানুষ চট্টগ্রামের নানা উপজেলায় স্থায়ী হয়েছে। উদ্যোগী অনেকেই পাড়ি দিয়েছে দূর-দূরান্তে। মধ্যপ্রাচ্য আর যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিট্যান্সই এখন সন্দ্বীপবাসীর মূল উপার্জন। দুটো নাগাদ জাহাজ চলতে শুরু করল আবার। ধীর তার চলন, গম্ভীর তার চলন। এখন বেশির ভাগ কেবিনই ফাঁকা, ডেকেও বেশ অলস মধ্যাহ্ন নেমেছে।প্রায় সবাইকে অবাক করে জাহাজ পাঁচটার মধ্যে পৌঁছে গেল হাতিয়ার ঘাটে। ভাঙনের চিহ্ন চোখে পড়ছে। ভাঙছে হাতিয়া, যথারীতি দূরে চরও উঠছে শোনা গেল। সহযাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সদ্য অবসর নেওয়া অধ্যাপক হায়াত হোসেন বললেন, ‘ছোটবেলায় দেখেছি, যাত্রী নামার জন্য জাহাজঘাটায় পাটাতন ছিল। এখন এসব অতীতের কথা। জাহাজ থেকে নামতে হয় নৌকায়। তারপর ঘাটে। শীতকালে অসুবিধা নেই, কিন্তু বর্ষার উত্তাল সমুদ্রে দুর্ঘটনা ঠেকানো যায় না। দ্বীপ উন্নয়ন সংস্থার অতিথিশালা এবং হোটেল হংকং—কোথাও বিদ্যুৎ নেই। শুনলাম বিদ্যুৎ-চিত্র মোটেও প্রথম আলোর জরিপের মতো নয় হাতিয়ায়। সারা দিনে দু-এক ঘণ্টা থাকে মাত্র। গত ১০ দিন ধরে অবস্থা শোচনীয়। বিদ্যুৎ সরবরাহ প্রায় নেই বললেই চলে। আটটি জেনারেটরের মধ্যে সাতটি অচল হলে পরিস্থিতি ভালো হবে কীভাবে।এর মধ্যেও দ্বীপের শিক্ষিত মানুষের একটি বড় অংশ উৎসবের আমেজে আছেন। ঢাকা, চট্টগ্রামসহ নানা জায়গা থেকে অনেকেই এসে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন। হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট হাইস্কুলের টানে তাঁরা সবাই এক হয়েছেন। স্কুলের শতবার্ষিকী তাঁদের এই ফেলে যাওয়া দ্বীপে ফিরে আসার কারণ।