সন্দ্বীপে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের যুবদল নেতা নজরুল ইসলামের খামারবাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার মধ্যরাতে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি তৈরি বন্দুক, বন্দুকের পাঁচটি কার্তুজ, চায়নিজ রাইফেলের একটি গুলি, আটটি বন্দুকের নল, আটটি বন্দুকের বাঁট, আটটি বন্দুকের ট্রিগার, বন্দুক তৈরির অসংখ্য পাইপ ইত্যাদি। এ ছাড়া অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘খামারবাড়ির মালিক নজরুল ইসলাম স্থানীয় যুবদলের সভাপতি এবং বিএনপির অস্ত্রধারী সক্রিয় ক্যাডার।’
পুলিশ জানায়, খামারবাড়িতে অস্ত্র তৈরির কারখানায় দক্ষ কারিগর যুক্ত রয়েছে। নজরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে সন্দ্বীপের বিএনপির সাংসদ মোস্তফা কামাল পাশা প্রথম আলোকে বলেন, নজরুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন। ষড়ষন্ত্রমূলকভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিএনপির নাম জড়ানো হচ্ছে।