সন্দ্বীপে অস্ত্রসহ আরও ১৯ 'জলদস্যু' গ্রেপ্তার
চট্টগ্রামের সন্দ্বীপ থেকে অস্ত্রসহ আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার টেংগারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোস্টগার্ড পূর্ব জোনের একটি দল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘জলদস্যু’ দলের সদস্য বলে জানায় কোস্টগার্ড।
এর আগে গত বৃহস্পতিবার রাতে টেংগারচর এলাকা থেকে জলদস্যুতার অভিযোগে ২৪ জনকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেন কোস্টগার্ডের সদস্যরা।
কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ওমর ফারুক বলেন, টেংগারচর এলাকায় জলদস্যু আলাউদ্দিন বাহিনীর সদস্যরা জেলেদের নির্যাতন, চাঁদা আদায় ও মালামাল লুট করছে। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ১৯ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি দেশে তৈরি পাইপগান, দুটি পিস্তল, দুটি গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে মামলা করেছে।