সন্দ্বীপে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফুিকল ইসলামের বাড়িতে গতকাল শনিবার দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের ওই নেতা।
আগুনে বাড়ির আধাপাকা একটি ঘর ও টিনের তিনটি ঘর পুড়ে গেছে। ঘটনার সময় রফুিকল পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে ছিলেন। বাড়িতে একজন পাহারাদার ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ও মো. মনির হোসেন নামের এক এলাকাবাসী প্রথম আলোকে জানান, গতকাল রাতে ১১-১২টার দিকে তাঁর (রফিকুল) বাড়ির আশপাশের এলাকায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। রাত একটার দিকে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

পঞ্চম ধাপে সন্দ্বীপসহ ৭৪টি উপজেলায় ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফুিকল। ঘটনার জন্য আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. শাহজাহানের আত্মীয় পৌর মেয়র জাফরউল্লাহকে দায়ী করেছেন রফুিকল।
তবে জাফরউল্লাহ প্রথম আলোর কাছে দাবি করেন, খবর পেয়ে আজ ভোরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে গিয়েছেন। এ ঘটনার জন্য তাঁকে দায়ী করা দুঃখজনক।

জাফরউল্লাহ বলেন, ‘আমার ধারণা দুদিন আগে পৌরসভার দুই ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই বাড়িতে আগুন লাগানো হতে পারে। তবে যারাই এ ঘটনা ঘটিয়েছে, তারা দুর্বৃত্ত। আমিও তাদের শাস্তি দাবি করছি।’
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘রফিকুল ইসলামের বাড়ি আগুনে পুড়ে গেছে বলে খবর পেয়েছি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি দুর্ঘটনা না নাশকতা, তা তদন্ত করছে পুলিশ।’