সন্দ্বীপে আ.লীগ নেতার বিরুদ্ধে ইউএনওর জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনে প্রভাব খাটানো, চাঁদাবাজি, সরকারি কাজে বাধা সৃষ্টিসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এই নেতার নাম জাফর উল্লাহ ওরফে টিটু। তিনি সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহানের আত্মীয়।ইউএনও মো. শেখাবুর রহমান জিডিতে উল্লেখ করেন, জাফরের কাছে সন্দ্বীপের সাধারণ মানুষ ও প্রশাসন জিম্মি হয়ে পড়েছে। সন্দ্বীপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে এবং সরকারের ভাবমূর্তি রক্ষার্থে অবিলম্বে জাফর ও তাঁর লোকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার।ইউএনও প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘জাফরের কাজে সমর্থন না থাকায় তিনি আমার বিরুদ্ধে নারীঘটিত কেলেংকারির অভিযোগ আনার হুমকি দেন। একজন প্রশাসক হিসেবে আমি এসব অনৈতিক কাজ কোনোভাবে সমর্থন করতে পারি না। তাই বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে জিডি করেছি।’পুলিশ সূত্র জানায়, জিডিতে উল্লেখ করা হয়, জাফরের কারণে এলাকার সরকারি উন্নয়নমূলক কোনো কাজে গতি আসছে না। সন্দ্বীপে সন্ত্রাসী, টেন্ডারবাজি, সাগরে জাটকা নিধন ও ডিমওয়ালা ইলিশ নিধন, জেলেদের কাছ থেকে চাঁদাবাজি, জলদস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করছেন তিনি।জিডিতে অভিযোগ করা হয়, জলদস্যু বশর মাঝির সঙ্গে যোগসাজশ করে মাছ ধরার নৌকায় টোকেন পদ্ধতি চালুর মাধ্যমে জাফর ব্যাপক চাঁদাবাজি করছেন। সন্দ্বীপের পশ্চিম দিকে বিআইডব্লিউটিসির ঘাট ইজারার নামে নৌকা বা ট্রলারের মালামাল বেবিট্যাক্সি, টেম্পো, ট্রলি, রিকশা ইত্যাদি পরিবহনের সময় নিয়মবহির্ভূতভাবে বিপুল অর্থ আদায় করা হচ্ছে।ইউএনও অভিযোগ করেন, সন্দ্বীপের হাটবাজার ও ঘাটগুলো জাফরের কারণে ইজারা দেওয়া যাচ্ছে না। সন্দ্বীপের সাঁওতাল খালের মাছঘাট, আজিমপুর ইউনিয়নের মাছঘাট, সারিকাইত ইউনিয়নের বাংলাবাজার মাছঘাট ও মাইটভাঙ্গা মাছঘাটের জেলেরা তাঁর চাঁদাবাজির শিকার হচ্ছেন।জিডিতে বলা হয়, সন্দ্বীপের উড়িরচর থেকে ব্যাপক হারে গরু ও মহিষ চুরি করে চট্টগ্রামে পাচার করা হচ্ছে। স্থানীয় সন্ত্রাসী সুফিয়ানের নেতৃত্বে এই অপকর্ম চলছে। সুফিয়ানকে সহযোগিতা করেন জাফর। সুফিয়ান বাহিনীর লোকজন উপজেলা চেয়ারম্যান ও জাফরের নামে চাঁদাবাজি করছে। ১০ ডিসেম্বর উড়িরচরে উপজেলার সাধারণ সভায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবদুর রহিমও এই অভিযোগ করেন।এসব বিষয়ে জানতে জাফরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার ফুফা শাহজাহান উপজেলা চেয়ারম্যান। তাঁর সঙ্গে ইউএনওর সম্পর্ক ভালো নয়। এ কারণে চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু করতে না পেরে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। দখল, চাঁদাবাজিসহ কোনো অপকর্মে আমি জড়িত নই। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতার দ্বারা প্রভাবিত হয়ে ইউএনও আমার বিরুদ্ধে লেগেছেন।’