সন্দ্বীপে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপ পৌরসভার নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা নির্বাচন কমিশনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর ফলে আজ মঙ্গলবার সন্দ্বীপে পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। এদিকে সহিংসতার আশঙ্কা এবং নির্বাচনী প্রচারের জন্য পর্যাপ্ত সুযোগ না-পাওয়ার অভিযোগ এনে এ পৌরসভার চার মেয়র পদপ্রার্থীর মধ্যে তিনজন ভোট গ্রহণের সময় ১৫ দিন পেছানোর দাবি জানিয়েছেন। তাঁরা গতকাল প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৃথক পৃথক চিঠি পাঠিয়ে এ দাবি জানান। রিটার্নিং কর্মকর্তা ও সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হাই আল মাহমুদ প্রথম আলোকে বলেন, আজ সন্দ্বীপ পৌরসভায় ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সন্ত্রাসের অভিযোগ সম্পর্কে বলেন, ‘নির্বাচনী হাঙ্গামা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এ পর্যন্ত সন্দ্বীপে হয়নি বলে আমি পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের কাছ থেকে জেনেছি। তার পরও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তদন্ত করে দেখতে পুলিশকে বলেছি।’এখানে মেয়র পদে প্রার্থী চারজন। এঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত জাফরুল্লাহ টিটু, একই দলের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম এবং বিএনপির প্রার্থী আলমগীর হোসাইন ওরফে আলমগীর ঠাকুর, একই দলের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র ফখরুল ইসলাম।এর মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে অন্য তিন প্রার্থীর অভিযোগ, টিটু ও তাঁর সমর্থকেরা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হুমকি-ধমকি দিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন, যাতে ভোটাররা কেন্দ্রে না যান। রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রোববার রাতে টিটো ও তাঁর সমর্থকেরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আমার সমর্থকদের বাড়িঘরের আশপাশে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা আমার ছেলেকে মারধরও করেছে। আমি থানার ওসি ও ইউএনওকে জানিয়েছি।’আলমগীর হোসাইন ও ফখরুল ইসলাম একই অভিযোগ করেন। তাঁরা বলেন, ‘হাইকোর্টের স্থগিতাদেশের কারণে প্রচার চালানোর যথেষ্ট সময় পাইনি। তাই ভোট গ্রহণ অন্তত ১৫ দিন পেছানোর দাবি করেছি। কিন্তু কমিশন তা মানেনি। এখন বাধ্য হয়ে নির্বাচন করছি।’ জাফরুল্লাহ টিটো সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তাঁরা এসব অপপ্রচার চালাচ্ছেন। তাঁর দাবি, এখানকার নির্বাচনী পরিবেশ দেশের অন্য যেকোনো জায়গার চেয়ে ভালো। প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলামের ছেলেকে মারধরের অভিযোগ প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ‘ওই ছেলে মাদকাসক্ত। মাদক নিয়ে আওয়ামী লীগের কিছু ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হতে পারে—এটাই আমি জেনেছি।’এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ বলেন, সন্দ্বীপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একজন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ১১৯ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এর বাইরে র্যাব ও সশস্ত্র বাহিনী থাকছে।পুলিশ সূত্র জানায়, সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে নয়টি কেন্দ্রের মধ্যে সাতটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে স্থানীয় বাসিন্দা আতিক উল্লাহ হাইকোর্টে এক রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১০ জানুয়ারি হাইকোর্ট সন্দ্বীপ পৌরসভার নির্বাচন স্থগিতের আদেশ দেন। গতকাল দুপুরে আপিল বিভাগ ওই স্থগিতাদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। এরপর বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ মঙ্গলবার ভোট গ্রহণের কথা মাইকে নির্বাচনী এলাকায় প্রচার করা হয়।