সন্দ্বীপে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন!
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই নাশকতার ঘটনা ঘটে। এতে ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয় বলে রফিকুল ইসলাম দাবি করেন।
রফিকুল ইসলাম ৩১ মার্চ পঞ্চম দফা অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এবারের নির্বাচনে আওয়ামী লীগ তাঁকে সমর্থন দেয়নি। বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ-সমর্থিত পৌর মেয়র জাফর উল্লাহ নাশকতার ঘটনায় নেতৃত্ব দিতে পারেন বলে রফিকুল ইসলামের সমর্থকদের দাবি।
রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাড়িতে আগুন লাগানোর সময় আমরা চট্টগ্রাম নগরে অবস্থান করছিলাম। ঘটনার সময় একজন পাহারাদার বাড়িতে ছিল। দুর্বৃত্তরা আগুন লাগানোর আগে শনিবার রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়।’
মো. মনিরুল ইসলাম নামের একজন বাসিন্দা জানান, গত শুক্রবার রাত ১১টার পর সন্দ্বীপের পৌর এলাকায় রফিকুল ইসলামের বাড়ির আশপাশে ফাঁকা গুলির শব্দ শোনা গেছে। এরপর রাত দেড়টার দিকে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে রফিকুল ইসলামের দাবি। এ জন্য পৌর মেয়রকে দায়ি করেন তিনি। সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান পৌর মেয়রের ফুপা।
জাফর উল্লাহ বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করি। আমার বিরুদ্ধে অভিযোগ দুঃখজনক।’
জাফর উল্লাহ আরও বলেন, ‘শুক্রবার পৌরসভার দুজন ওয়ার্ড কাউন্সিলরের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলাকারীরা ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে রফিকুল ইসলামের বাড়িতে আগুন দিতে পারে বলে আমার ধারণা।’
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এটি দুর্ঘটনা, নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’