সন্দ্বীপে একে ২২ রাইফেলসহ ২৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপে র্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ২৩টি দেশি-বিদেশি অস্ত্র ও ২৯টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসী এবং তাঁর দুই সহযোগীকে। গতকাল সোমবার ভোরে সন্দ্বীপ পৌরসভার সেনেরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একে ২২ রাইফেল, দুটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার, চারটি ওয়ান শুটারগান, নয়টি একনলা বন্দুক ও পাঁচটি পাইপগান। এ ছাড়া ২০টি গুলি ও নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী শাহেদ উল্লাহ এবং তাঁর দুই সহযোগী মানিক মিয়া ও নিরব মিয়াকে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২১ সেপ্টেম্বর সন্দ্বীপ পৌরসভার পশুরহাটে সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হন। র্যাবের কাছে তথ্য ছিল, সন্দ্বীপে সন্ত্রাসীদের কাছে আরও অস্ত্র-গুলি মজুত রয়েছে। গতকাল ভোর থেকে অস্ত্র উদ্ধারে অভিযানে নামে র্যাব-৭ ও কোস্টগার্ড পূর্ব জোন। গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার সেনেরহাট এলাকা থেকে প্রথমে দুই সহযোগীসহ শাহেদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে শাহেদের দেওয়া তথ্যমতে সেনেরহাট এলাকায় তাঁর বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন বলেন, শাহেদ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা যুবলীগের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার শাহেদ তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির ঘটনায় তিনটি মামলা রয়েছে।