সন্দ্বীপে গৃহবধূ ধর্ষণের চেষ্টা
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ তিন যুবককে আটক করেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আটক হওয়া যুবকেরা হলেন: কিলটন (২১), জাহেদ (২৩) ও চৌধুরী (২৫)। পুলিশ তাঁদের কাছ থেকে একটি কাটাবন্দুক ও একটি ধারালো ছোরা উদ্ধার করেছে। মিজান (৩০) ও হালিম (১৯) নামে তাঁদের আরও দুই সহযোগী পালিয়ে গেছেন বলে তাঁরা পুলিশের কাছে বলেছেন। ঘটনার শিকার গৃহবধূর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গৃহবধূর সঙ্গে তাঁর স্বামীর ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় তিনি তাঁর বৃদ্ধ মা ও এক ছেলে নিয়ে থাকতেন। ঘটনার রাতে ঘরে তিনি ও তাঁর মা ছাড়া আর কেউ ছিল না। তাঁরা জানান, রাত আড়াইটার দিকে পাঁচ যুবক সিঁদ কেটে ঘরে ঢোকেন। পরে তাঁরা গামছা দিয়ে তাঁর মুখ বেঁধে টেনেহিঁচড়ে ঘর থেকে তাঁকে পার্শ্ববর্তী রাস্তা পর্যন্ত নিয়ে যান। একপর্যায়ে তিনি মুখের বাঁধন খুলে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে যুবকেরা পালিয়ে যান।রাতেই গৃহবধূর স্বজনেরা ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য আলতাফ হোসেনকে বিষয়টি জানান। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিমের নির্দেশে লোকজন প্রথমে ঘটনাস্থলে যায় এবং পরে পুলিশ নিয়ে অপহরণ চেষ্টাকারীদের বাড়িতে হানা দেয়। এ সময় স্থানীয় লোকজন নিজ নিজ ঘর থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।