সন্দ্বীপে জেগে ওঠা নতুন ইউনিয়নে নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপের দীর্ঘাপাড় ইউনিয়ন নদীতে বিলীন হয়ে গিয়েছিল ১৯৮৩-৮৪ সালে। কয়েক বছর পর এই ইউনিয়নে আবার চর জাগতে শুরু করে। তখন আবার সেখানে বসতি গড়ে মানুষ। নতুন জেগে ওঠা এই ইউনিয়নে আজ মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়নে এখন ভোটার সংখ্যা ৮৬৪ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে সাত, সাধারণ সদস্য পদে ২৫ এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন। অর্থাৎ প্রতি ২১ জন ভোটার থেকে গড়ে একজন করে প্রার্থী হয়েছেন। রিটার্নিং অফিসার মো. নুরুল আবছার প্রথম আলোকে বলেন, নতুন করে এ ইউনিয়নের কার্যক্রম চালু হওয়ার পর এ এলাকায় নতুনভাবে বসবাসকারীদের মধ্য থেকে ভোটার তালিকা পুনর্বিন্যাস করে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।জানা গেছে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ছয়জন আওয়ামী লীগ এবং একজন বিএনপি-সমর্থিত। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা হলেন, অহিদুল মাওলা, আনোয়ার হোসেন, আকবর হোসেন, আবুল কাশেম, মো. আলাম ও রফিকুল মাওলা। বিএনপি-সমর্থিত প্রার্থী হলেন মো. দেলোয়ার হোসেন। স্থানীয় সূত্র জানায়, নদীভাঙনে বিলীন হয়ে যাওয়ায় তখন ইউনিয়নের কার্যক্রম স্থগিত হয়ে যায়। ১৯৮৬-৮৭ সালের দিকে ধীরে ধীরে চর জাগতে শুরু করলে নতুন বসতি গড়ে উঠতে থাকে। প্রায় তিন কিলোমিটার এলাকা নিয়ে ২০১০ সালের মাঝামাঝিতে এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম আবার চালু হয়। তখন প্রশাসক হিসেবে দায়িত্ব পান সন্দ্বীপ উপজেলা সমবায় কর্মকর্তা কেফায়েত উল্যা খান।