সন্দ্বীপে নৌকাডুবি, ২২ যাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটের কাছে গতকাল রোববার সন্ধ্যায় প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। গতকাল রাত ১০টা পর্যন্ত নৌকাটির ২২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্য যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছিল কোস্টগার্ড।
সন্দ্বীপ থানার ওসি শামসুল ইসলাম বলেন, রোববার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে একটি জাহাজ সন্দ্বীপের উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যায় জাহাজটি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে পৌঁছায়। জাহাজ সরাসরি ঘাটে ভিড়তে না পারার কারণে ঘাটের কিছুটা দূরে জাহাজ থেকে যাত্রীরা প্রথমে নৌকায় ওঠেন। এরপর সেই নৌকা যাত্রীদের ঘাটে নিয়ে যায়। এ রকম একটি নৌকা জাহাজ থেকে যাত্রী নিয়ে ঘাটে যাওয়ার সময় প্রচণ্ড বাতাসে উল্টে যায়। পরে কোস্টগার্ড ও স্থানীয় লোকজনের সহায়তায় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়।
ওসি বলেন, উল্টে যাওয়া নৌকায় ৪০ জন যাত্রী থাকতে পারে।
কোস্টগার্ড সন্দ্বীপের কর্মকর্তা আমিনুল হক বলেন, নিখোঁজ অন্য যাত্রীদের সন্ধানে সন্দ্বীপ চ্যানেলে তল্লাশি চালানো হচ্ছে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন কাতারপ্রবাসী মুসলিম উদ্দিনের দুই সন্তান। তাঁর চাচাতো ভাই আহসান উল্লাহ গত রাতে বলেন, মুসলিমের নয় বছর বয়সী ছেলে মো. তাহসিন ও চার বছর বয়সী মেয়ে মিহা নিখোঁজ রয়েছে।
সন্দ্বীপের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী মুজিবুর রহমান বলেন, নৌকাডুবির ঘটনায় সেনেরহাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ওসমান, পূর্ব রহমতপুর বিদ্যালয়ের শিক্ষক মো. ইউসুফ ও পূর্ব মাইটভাঙা বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন নিখোঁজ রয়েছেন।