সন্দ্বীপে নৌ দুর্ঘটনায় আরও ছয় মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বঙ্গোপসাগরে নৌকা উল্টে প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার আরও ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এ নিয়ে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১১-১২ জন। উপজেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।

এই ছয়জন হলেন সন্দীপের পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ আলম, ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধি ঝিনাইদহের মো. কামরুজ্জামান, টেকনাফের সাবরাং ইউনিয়নের শামসুল আলম, সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের হাফিজ উল্লাহ, কাছিয়াপাড় এলাকার মাঈন উদ্দিন ও বাউরিয়ার নিজাম উদ্দিন।

গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটের কাছে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে আনুমানিক ৫৫-৬০ জন যাত্রীবাহী একটি লাল নৌকা উল্টে যায়। সি-ট্রাক থেকে যাত্রীরা নৌকায় ওঠে ১৫০ গজ দূরে তীরে যাওয়ার আগেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম জাকারিয়া প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ছয়টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে কার্যত উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, সেগুলো সাগরের তীরে ভেসে আসার পর স্থানীয় জনগণই উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসন এসব মরদেহ গুপ্তছড়া ঘাটে নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করে।