প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সন্দ্বীপ উপজেলা কর্মকর্তাকে (ইউএনও) না জানিয়ে দরপত্রের লটারি করে ঠিকাদার নির্বাচন করার অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমানকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার ইউএনও মো. শেখাবুর রহমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পিআইওকে এ চিঠি দেন। অবৈধ ওই লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদারকে কার্যাদেশ দিতে চাপ সৃষ্টিসহ পুরো ঘটনা তদন্তে জেলা প্রশাসনও একটি কমিটি করছে। সন্দ্বীপের হরিষপুরে একটি সেতু নির্মাণের জন্য ১৯ লাখ টাকার দরপত্র আহ্বানের পর ইউএনও মো. শেখাবুর রহমানের অনুপস্থিতিতে ঠিকাদার নির্বাচন করেন প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান। এই নির্বাচন-প্রক্রিয়া ছিল আইনবহির্ভূত। পরে এই প্রকল্পের কার্যাদেশে সই দিতেও ইউএনওর ওপর চাপ সৃষ্টি করা হয়। গতকাল রোববার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়।ইউএনও মো. শেখাবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আইনবহির্ভূত সিদ্ধান্ত নেওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমানকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। জবাব দিতে তাঁকে সাত দিন সময় দেওয়া হয়েছে।’ইউএনওর অনুপস্থিতিতে নির্মিতব্য সেতুর ঠিকাদার নির্বাচন ও কার্যাদেশে সই দিতে ইউএনওকে চাপ সৃষ্টির বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে। কারণ, প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির আহ্বায়ক ইউএনওর অনুপস্থিতিতে ঠিকাদার নির্বাচন পুরোপুরি বেআইনি। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) এহছান এলাহী প্রথম আলোকে বলেন, ‘ইউএনওর অনুপস্থিতিতে প্রকল্পের ঠিকাদার নির্বাচন ও তাঁকে (ইউএনও) কার্যাদেশে সই দিতে চাপ সৃষ্টির অভিযোগ তদন্ত করা হবে। প্রমাণ পেলে দোষী কর্মকর্তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।’