সন্দ্বীপে বালুবোঝাই জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পশ্চিমপাশের চ্যানেলে বালুভর্তি একটি লাইটার (ছোট আকারের) জাহাজ ডুবে গেছে। আজ শনিবার সকালে সুনামগঞ্জ থেকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়ার সময় জাহাজের ১০ জন নাবিক অন্য একটি লাইটার জাহাজে উঠে রক্ষা পান।

ডুবে যাওয়া লাইটার জাহাজটির নাম ‘এমভি উষা-৩’। জাহাজটিতে প্রায় ২১ হাজার ঘনফুট বালু ছিল।
জাহাজের মাস্টার এম এ মান্নান মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফেরার পথে সন্দ্বীপের পশ্চিমপাশে চর নুরুল ইসলামের অদূরে হঠাত্ করে জাহাজটি আটকে যায়। সরাতে না পেরে নোঙর ফেলে অপেক্ষা করতে থাকি। কিন্তু কিছুক্ষণ পর জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে। এর পরই পাশ দিয়ে যাওয়া এমভি সেভেন সার্কেল নামে অপর একটি লাইটার জাহাজে উঠে আমরা রক্ষা পাই।’

জাহাজটির মাস্টার আরও জানান, এসব বালু কর্ণফুলী নদীর ডায়মন্ড সিমেন্ট কারখানার জেটিতে খালাস করার কথা ছিল।