সন্দ্বীপে বিদ্যুৎ মেলে সন্ধ্যায়, দিনে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ থাকে না দিনে। সন্ধ্যার পর আসে। বিদ্যুৎ বিভাগের বেঁধে দেওয়া সময় হিসেবে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এর স্থায়িত্ব হওয়ার কথা। কিন্তু এর মধ্যেও বিদ্যুতের আসা-যাওয়া চলে কয়েকবার। এভাবেই ‘অভ্যস্ত’ ও হতাশ সন্দ্বীপবাসী। কারণ, এ নিয়ে অভিযোগ করেও খুব একটা ফল পাননি তাঁরা।সন্দ্বীপ শহর ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাসাবাড়ি, বিপণিকেন্দ্র, দোকানপাটে বিদ্যুতের সংযোগ আছে। অবশ্য তা থেকেও না থাকার মতো। কারণ, দিনের বেলায় সরবরাহ বন্ধ থাকায় তাদের প্রয়োজন মেটে না। যারা অপেক্ষাকৃত সচ্ছল, তারা জেনারেটর অথবা সৌরবিদ্যুতের মাধ্যমে কাজ চালান।সরেজমিনে দেখা গেছে, হারামিয়া এলাকায় উপজেলা কমপ্লেক্সের পাশে ফোন-ফ্যাক্সের দোকানগুলো ব্যস্ত হয়ে ওঠে সন্ধ্যার দিকে বিদ্যুৎ আসার পর। এখান থেকেই বেশির ভাগ সংবাদকর্মী সংবাদ পাঠানোর কাজ করেন। পাশাপাশি ব্যক্তিগত, প্রশাসনিক কিছু কাজও হয়। তবে রাত আটটার মধ্যেই দোকানগুলো বন্ধ হয়ে যায়।বিদ্যুতের সমস্যা সম্পর্কে সন্দ্বীপ আদালতের সরকারি আইনজীবী (এপিপি) মোহাম্মদ সাইফুদ্দিন মিলাদ বলেন, ‘দীর্ঘদিন পর আমরা আবার বিদ্যুৎ পাচ্ছি। তবে দিনের বেলায় নয়, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। তাও দু-একবার করে বিদ্যুতের আসা-যাওয়া চলে এ সময়ে। এতে ছেলেমেয়েদের পড়াশোনা, পরীক্ষা প্রস্তুতির ব্যাঘাত ঘটে। বাসাবাড়ির কাজের সমস্যা তো হয়ই।’খোঁজ নিয়ে জানা গেছে, পিডিবির সন্দ্বীপ বিদ্যুৎকেন্দ্র থেকে রহমতপুর, হরিশপুর ও উপজেলা প্রশাসনিক এলাকার ৪৭০ জন গ্রাহক বিদ্যুৎ-সুবিধা পাচ্ছেন। এর মধ্যে আবাসিক গ্রাহকসংখ্যা ৪১৬ জন। এর বাইরে রয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও মসজিদ-মন্দির।১৯৯১ সালের বন্যায় সন্দ্বীপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ট্রান্সফরমারগুলো একসঙ্গে নষ্ট হয়ে যায়। ১৯৯২ সালে বসানো হয় চারটি ট্রান্সফরমার। এর মধ্যে তিনটি অচল পড়ে ছিল চার বছর ধরে। গত ৬ জানুয়ারি রাতে বাকি একটিও বিকল হয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে প্রধানমন্ত্রীর সন্দ্বীপ সফরের এক দিন আগে গত ১৬ জানুয়ারি তা আবার চালু হয়। রহমতপুর পৌর এলাকায় সন্দ্বীপ বিদ্যুৎকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের ভেতরে সাতটি ট্রান্সফরমার বসানো রয়েছে। এগুলোর মধ্যে চারটির গায়ে মরচে পড়ে চেহারাই পাল্টে গেছে। সন্দ্বীপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. শাহাজাহান প্রথম আলোকে বলেন, ৪১৭ কিলোওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন কামিং-৩ ট্রান্সফরমারটি চালু হওয়ায় এখন তেমন একটা রেশনিং করতে হয় না। মাঝেমধ্যে সরবরাহ বন্ধ হচ্ছে বিদ্যুৎ লাইনের সমস্যার কারণে।দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা প্রসঙ্গে তিনি বলেন, ১৫ বছর ধরেই সন্দ্বীপে দিনের বেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কারণ, এখানে ডিজেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। তাতে প্রতি ইউনিটে খরচ পড়ে ১৮-২০ টাকা। আর তা গ্রাহকদের কাছ বিক্রি করতে হয় দুই টাকা ৩০ পয়সায়।