সন্দ্বীপে মা-মেয়ে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার
চট্টগ্রামের সন্দ্বীপে মা-মেয়ে হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমীর হোসেন (২২)।পুলিশ জানায়, শুক্রবার রাতে দলইপাড়ার দেলোয়ার মাঝির বাড়ি থেকে আমীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামির কাছ থেকে টাকা না পেয়ে সে এ হত্যাকাণ্ড ঘটায়। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন আমীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।গত বৃহস্পতিবার রাতে গাছুয়া ইউনিয়নের এক প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তরা মা নিলুফার বেগম ও তার পাঁচ বছরের মেয়ে স্মৃতিকে জবাই করে হত্যা করে। এ ঘটনায় নিলুফার ভাশুর আবদুল হাই বাদী হয়ে আমীরকে আসামি করে গত শুক্রবার থানায় হত্যা মামলা করেন।মা-মেয়েকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তির দাবিতে গতকাল শনিবার সকালে সন্দ্বীপ থানা ভবন চত্বরে কয়েকশ লোক বিক্ষোভ করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা ও দুটি ফাঁকা গুলি চালায়। এতে সাতজন কমবেশি আহত হন।