সন্দ্বীপে যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সন্দ্বীপে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাত নয়টার দিকে উপজেলার মগধারা ইউনিয়নের পাচানিয়াগোপাট গ্রামে এ ঘটনা ঘটে। নিজ বাড়ির পুকুরঘাটের সামনে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত বশির আহমেদ (৪০) মগধারা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
হত্যাকাণ্ডের বিষয়ে সন্দ্বীপ থানার ওসি মো. আবদুস সালাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, বশির হত্যাকাণ্ডের পেছনে উপজেলা যুবলীগের সাবেক সদস্য আবদুর রহমান জড়িত থাকতে পারেন। তিনি দুটি খুনের মামলার আসামি। তাঁকে ধরার চেষ্টা চলছে।
ওসি বলেন, ‘আবদুর রহমানের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বশিরের বিরোধ চলছিল। নিহত বশিরের বিরুদ্ধেও দুটি মামলা রয়েছে।
তবে পুলিশের এমন দাবির বিষয়ে আবদুর রহমানের বক্তব্য জানা যায়নি।
সন্দ্বীপের মগধারা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ধারণা, মাছঘাট ও বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ দ্বন্দ্বের কারণে গত বছরও একজন খুন হন। বশির হত্যাকাণ্ডের পেছনে ওই দ্বন্দ্ব কাজ করেছে বলে তাঁর ধারণা।