সন্দ্বীপে লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে
চট্টগ্রামের সন্দ্বীপে গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে সিমেন্ট ক্লিংকারবোঝাই একটি লাইটার (ছোট) জাহাজের আংশিক ডুবে গেছে। এমভি রামি-সামি-১ নামের জাহাজটি চরে আটকে দুই টুকরা হয়ে আংশিক ডুবে যায়।
জাহাজের মাস্টার মোহাম্মদ বজলু আজ সোমবার সকাল ১০টার দিকে প্রথম আলোকে জানান, সন্দ্বীপের অদূরে চর নুরুল ইসলাম-১-এর কাছে গতকাল দিবাগত রাত তিনটার দিকে লাইটার জাহাজটি আটকে যায়। এতে সিমেন্টের ক্লিংকারবোঝাই জাহাজটি দুই টুকরা হয়ে কিছুটা ডুবে যায়। তাঁরা ১৬ জন নাবিক একটি অংশে আছেন। উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে যাওয়ার কথা। তারপর তাঁদের উদ্ধার করা হবে।
জানা গেছে, ছোট জাহাজটি বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। গত শনিবার জাহাজটি সন্দ্বীপের চর নুরুল ইসলাম-১-এ আটকে যায়। জাহাজের নাবিকেরা জোয়ারের অপেক্ষায় ছিলেন। কিন্তু এর আগেই এটি দুর্ঘটনায় পড়ে।