সন্দ্বীপে ১১৭ কেন্দ্রের ৭১টিই ঝুঁকিপূর্ণ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১১৭টি কেন্দ্রের মধ্যে ৭১টিই ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।পুলিশ সূত্রে জানা গেছে, বিগত নির্বাচনে কেন্দ্রের পরিস্থিতি এবং সরেজমিনে খোঁজখবর নিয়ে ৭১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত করেছে স্থানীয় প্রশাসন। উড়িরচর ইউনিয়নের সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। বাকি ১২টি ইউনিয়নে গড়ে পাঁচটি করে কেন্দ্র ঝুঁকিপূর্ণ।সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন প্রথম আলোকে জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে নয়জন পুলিশ ও ১৭ জন আনসার থাকবেন। এ ছাড়া র্যাব ও কোস্টগার্ডের সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ১৩টি ইউপির নির্বাচনে এক হাজার ৫০০ পুলিশ সদস্য এবং দুই হাজার আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আবদুল হাই আল মাহমুদ প্রথম আলোকে জানান, চট্টগ্রামের প্রথম ইউপি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারে অনিয়মের অভিযোগ পাওয়া গেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, সন্দ্বীপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন উড়িরচরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশির ভাগ সময় নাজুক থাকে। সন্দ্বীপ থেকে নৌপথে এক থেকে দেড় ঘণ্টা পাড়ি দিয়ে এই চরে যাতায়াত করতে হয়। ফলে এই ইউনিয়নে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।গত রোববার সন্দ্বীপ উপজেলা সদরে দেখা হয় উড়িরচর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীরের সঙ্গে। তিনি অভিযোগ করেন, ‘প্রতিনিয়ত সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১২ মে উড়িরচরে যাই। কিন্তু সন্ত্রাসীরা বাড়ি ঘেরাও করলে পুলিশকে জানাই। পুলিশের নায়েক সমীরের নেতৃত্বে ছয়জন সারা রাত আমার বাড়ি পাহারা দেন। নিজের এলাকা নিরাপদ নয় ভেবে প্রচারণা ছেড়ে সন্দ্বীপ সদরে এসেছি।’আরেক প্রার্থী জামসেদ আলম সন্ত্রাসীদের ভয়ে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছেন নোয়াখালীর সুবর্ণচরে। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এলাকায় নিয়মিত খুন হচ্ছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের ভয়ে এলাকায় যেতে পারছি না। প্রশাসনের আশ্বাস পেয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম।’উড়িরচর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা সঞ্জীব সরকার জানান, এখন সব প্রার্থীই এলাকায় আছেন। তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় ইউনিয়নের নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে সন্দ্বীপের মূল এলাকার সরকারি কর্মকর্তাদের। মোট ৭৫ জন কর্মকর্তা এই ইউনিয়নে দায়িত্ব পালন করবেন।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৮ জন, ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. নুরুল আবছার প্রথম আলোকে জানান, এবার ১৩টি ইউপি নির্বাচনে মোট এক হাজার ৫৪৮ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।