সন্দ্বীপের অদূরে ভুট্টাবোঝাই জাহাজডুবি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পশ্চিমে ভাসানচরের অদূরে সাগরে গতকাল শুক্রবার সকাল আটটার দিকে পণ্যবাহী দুটি লাইটার জাহাজের ধাক্কায় একটি জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজ ‘এমভি মারমেইড-২’-এ ১ হাজার ২০০ টন ভুট্টা ছিল। জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে ক্লিংকারবোঝাই ‘এমভি সালমান সেলিম’-এর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে এটি ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজে থাকা ভুট্টার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। সিটি গ্রুপ এসব পণ্য বিদেশ থেকে আমদানি করেছিল।
দুর্ঘটনার জন্য দুই জাহাজের মাস্টার পরস্পরকে দায়ী করেছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে এমভি মারমেইড-২ জাহাজের মাস্টার আবদুর রাজ্জাক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এমভি সালমান সেলিম জাহাজটি আমাদের জাহাজের পাশে ছিল। জাহাজ দুটি প্রায় সমান গতিতে চলছিল। দুর্ঘটনা এড়াতে আমি বেতার বার্তায় এমভি সালমান সেলিমের মাস্টারকে নিরাপদ দূরত্বে রেখে জাহাজ চালানোর জন্য অনুরোধ জানাই। কিন্তু হঠাৎ ওই জাহাজটি ডান দিকে এসে আমাদের জাহাজের ওপর এসে আছড়ে পড়ে। এরপর তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। ১৫ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়।’
তবে অভিযোগ অস্বীকার করে এমভি সালমান সেলিম জাহাজের মাস্টার ইনসান আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই জাহাজটির প্রপেলর জেলেদের জালে আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের জাহাজের ওপর এসে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর ডুবতে থাকা জাহাজটি থেকে ১৩ জনকে উদ্ধার করে আমাদের জাহাজে তুলে নিই।’
সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) বিজন কুমার বড়ুয়া জানান, দুটি জাহাজের ধাক্কায় এমভি মারমেইড-২ জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজের মালিকপক্ষ থানায় অভিযোগ দেবে বলে জানিয়েছে। এরপরই বিষয়টি খতিয়ে দেখা হবে।