সন্দ্বীপের ইউএনওকে গালমন্দ করেছেন উপজেলা চেয়ারম্যান!
সন্দ্বীপ উপজেলার চেয়ারম্যান শাহজাহান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দুর্ব্যবহার ও অশোভন আচরণ করেছেন। গতকাল বুধবার উপজেলা মিলনায়তনে নিয়মিত মাসিক সভায় চেয়ারম্যান সংশ্লিষ্ট সব কর্মকর্তার উপস্থিতিতে এ ঘটনা ঘটান। সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান তুচ্ছ একটি বিষয় নিয়ে ইউএনও মো. শেখাবুর রহমানের ওপর খেপে যান। একপর্যায়ে চেয়ারম্যান ইউএনওকে গালাগালও করেন। তিনি বলেন, ‘ইউএনওকে মারলে কী হবে? আপনি তো আমার সচিব। আমার নির্দেশে চলবেন। আমার অনুমতি ছাড়া কোনো কাজ চলবে না।’ সভার সূত্র জানায়, ইউএনও তাঁর দপ্তর সহকারী নাজিম উদ্দিনকে আজকের এসএসসি পরীক্ষার ভিজিলেন্স দল গঠনের একটি চিঠি তৈরি করে আনতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন চেয়ারম্যান। চেয়ারম্যান এ পর্যায়ে বলেন, নাজিম চলে গেলে সভার কার্যবিবরণী কে লিখবেন। ইউএনও বলেন, এই দায়িত্ব পালনের জন্য আরেকজন অফিস সহকারী মেহেদী হাসান সভায় উপস্থিত আছেন। এর পরও চেয়ারম্যান উত্তেজিত হয়ে ইউএনওর সঙ্গে দুর্ব্যবহার করেন।ইউএনও মো. শেখাবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান সাহেব আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তিনি সরকারি কাজে বাধা দেন, এটা দুঃখজনক।’চেয়ারম্যান শাহজাহান ইউএনওর সঙ্গে খারাপ আচরণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোর আছে দাবি করেন, ‘সভায় হট টকিং (উত্তপ্ত বাক্যবিনিময়) হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবকিছু না জেনে উল্টাপাল্টা কিছু লিখবেন না।’