সন্দ্বীপের কাছে সাগরে ডুবল পণ্যবাহী লাইটার জাহাজ
চট্টগ্রাম থেকে মুিন্সগঞ্জের মুক্তারপুরে যাওয়ার পথে সন্দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে পণ্যবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। জাহাজের ১৩ জন নাবিক ও শ্রমিক দুর্ঘটনার পর অন্য দুটি জাহাজে উঠে রক্ষা পান।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায়, ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি মিহরান’। গত বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের ‘এমভি ফু কুয়ান শান’ নামের একটি বড় জাহাজ থেকে লাইটার জাহাজটিতে ১ হাজার ৮৫০ টন ক্লিংকার বোঝাই করা হয়। এরপর গতকাল ভোর তিনটায় জাহাজটি মুিন্সগঞ্জে শাহ সিমেন্ট কারখানায় যাওয়ার জন্য রওনা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক আক্কাছ আলী প্রথম আলোকে বলেন, কর্ণফুলীর মোহনা থেকে ২০ কিলোমিটার দূরে সন্দ্বীপের কাছাকাছি যাওয়ার পর বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড ঢেউয়ের কারণে জাহাজটি মূল নৌপথ থেকে একটু দূরে সরে যায়। ঢেউয়ের ধাক্কায় জাহাজটির মাঝ বরাবর ভেঙে যায়। এরপরই পণ্যসহ ডুবে যায় জাহাজটি।
উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে কথা বলে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাহাজে ১৩ জন নাবিক ও শ্রমিক এবং পণ্যের মালিকের একজন প্রতিনিধি ছিলেন। দুর্ঘটনার সময় পাশাপাশি থাকা দুটি জাহাজে উঠে রক্ষা পান তাঁরা। উদ্ধার হওয়া নাবিকদের সবাই সুস্থ আছেন।