চট্টগ্রামের সন্দ্বীপের বিএনপিদলীয় সাংসদ মোস্তফা কামাল পাশার বিরুদ্ধে গত শুক্রবার রাতে তাঁর ভাই এ বি এম আশরাফ উল্লাহ মামলা করেছেন। নগরের ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় সাংসদের বিরুদ্ধে তাঁর ভাই বাড়ি দখলের চেষ্টার অভিযোগ আনেন। পুলিশ সাংসদসহ তাঁর অনুসারীদের খুঁজছে বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাংসদ মোস্তফা কামাল পাশা ও তাঁর ছেলে ইকবাল পাশা দলের তাঁর অনুসারীদের নিয়ে নগরের আইস ফ্যাক্টরি রোডের একটি বাড়িতে যান। এ সময় সাংসদের উপস্থিতিতে বাড়ির সীমানাপ্রাচীর, ফটক ও ভেতরের অংশ ভাঙচুর করা হয়। এ সময় আশরাফ উল্লাহর ছেলেদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশ এসে সাংসদকে বাড়ির দখল নেওয়ার চেষ্টা থেকে বিরত রাখে।পারিবারিক সূত্র জানায়, নগরের আইস ফ্যাক্টরি সড়কে ১০ গণ্ডা (১২ কাঠা) জায়গার ওপর সাংসদ মোস্তফা কামালের একটি পৈতৃক বাড়ি আছে। তাঁর বাবা আবদুল বাতেন সওদাগর ১৯৬২ সালে ওই জায়গা কেনেন। এ বাড়িতে সাংসদের বড় ভাই আশরাফ উল্লাহ ও তাঁর ছেলেরা বসবাস করছেন। এ বাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।মামলার অভিযোগে বলা হয়, ‘দুই বছর ধরে সাংসদ মোস্তফা কামাল এ জায়গা নিজের দাবি করে আমাকে হুমকি দিচ্ছেন। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হই। পরে এ বিষয়ে একাধিক মামলা করি, যা আদালতে বিচারাধীন। এ অবস্থায় শুক্রবার ভোরে এ জায়গা দখল করতে এসে সাংসদ ও তাঁর লোকজন ব্যাপক ভাঙচুর চালায়। আমাকে হুমকি দেওয়ায় ডবলমুরিং থানায় ইতিপূর্বে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জায়গা নিয়ে সাংসদ মোস্তফা কামাল ও তাঁর বড় ভাইয়ের মধ্যে বিরোধ রয়েছে, যা আদালতে বিচারাধীন। যে প্রক্রিয়ায় আইস ফ্যাক্টরি সড়কের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর ও ভেতরে তছনছ করা হয়েছে—তা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়। সাংসদ নিজেই এ কাজের নেতৃত্ব দেন বলে তাঁর বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি। তাঁকে ধরতে আমরা অভিযানও চালিয়েছি।’বড় ভাইয়ের সঙ্গে এই জায়গার মালিকানা-সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করে সাংসদ মোস্তফা কামাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার প্রয়াত বাবা উনাকে (আশরাফুল্লাহ) মুরাদপুরে একটি বাড়ি দিয়েছেন। আইস ফ্যাক্টরি রোডের বাড়িটি আমাকে এবং আমার আরেক ভাই কাশেমকে রেজিস্ট্রি করে দিয়েছেন। আমরা ওই জায়গায় বহুতল ভবন করতে একটি নির্মাণপ্রতিষ্ঠানকে দিয়েছি। কিন্তু তাঁরা সেখান থেকে উঠছেন না। আমার বাড়িতে আমি যেতে পারব না, সেটা কি মানা যায়?’আশরাফ উল্লাহর ছেলে ফজলুল করিম বলেন, ‘জায়গা নিয়ে বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন। এ অবস্থায় আইনপ্রণেতা হয়ে আমার চাচা আইন ভঙ্গ করে বাড়িটি দখলে নিতে এসেছিলেন। এ সময় তাঁর সঙ্গে কিছু সন্ত্রাসী ছিল।’